বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। তার জেরে কলকাতা সহ একাধিক জেলার পারদ পতন হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecas) বলছে, আপাতত ঝড়-বৃষ্টির এই ধারা চলবে। আজ, মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই কারণে ওইসব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের আরও বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি হয়েছে (Weather Forecas)।
এছাড়াও পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওইসব এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির দুই-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। ভারতীয় আবহাওয়া দপ্তর বা IMD-র দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ডুয়ার্স ও পার্বত্য এলাকার কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে IMD. দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে দুই এক জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

