Site icon Hindustan News Point

PM Modi’s Boat Ride: সাতসকালে গঙ্গা বক্ষে মোদীর নৌকা বিহার, ক্যামেরা হাতে নিজেই তুললেন হাওড়া ব্রিজের ছবি

PM Modis Boat Ride

গতকাল ছিল রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন। কলকাতায় নির্বাচন দ্বিতীয় দফায়। বৃহস্পতিবার নির্বাচনী আবহাওয়া কৃষ্ণনগর এবং মথুরাপুরের দুটি সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিন সন্ধ্যায় হাওড়ায় একটি রোড শোও করেন তিনি। শুক্রবার সকাল হতেই গঙ্গাবক্ষে নৌকা বিহারে বেরিয়ে পড়েন প্রধানমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডলে সেই ছবি পোস্ট করে অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন মোদী।

শুক্রবার, ২৪ এপ্রিল সকালে নৌকা করে গঙ্গা ভ্রমণ দিয়ে দিন শুরু করেন তিনি। পরে সোশ্যাল মিডিয়ায় সেই অভিজ্ঞতার কথা শেয়ার করে প্রধানমন্ত্রী লেখেন, “প্রত্যেক বাঙালির কাছে গঙ্গা একটি অত্যন্ত বিশেষ স্থান অধিকার করে আছে। বলা যায়, গঙ্গা যেন বাংলার আত্মার মধ্য দিয়ে প্রবাহিত হয়। পবিত্র গঙ্গা জল সমগ্র সভ্যতার চিরন্তন চেতনা বহন করে চলেছে। আজ সকালে কলকাতায় আমি হুগলি নদীর তীরে কিছু সময় কাটিয়েছি—মা গঙ্গার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক সুযোগ হিসেবে।এছাড়াও দেখা হয়েছে প্রাতঃভ্রমণকারী ও নৌকাচালকদের সঙ্গে। নৌকাচালকদের কঠোর পরিশ্রম সত্যিই প্রশংসনীয়। হুগলির তীরে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং মহান বাঙালি সমাজের সমৃদ্ধির লক্ষ্যে কাজ করার আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।” (PM Modi’s Boat Ride)

একইসঙ্গে তিনি নিজের তোলা বিদ্যাসাগর সেতু ও হাওড়া ব্রিজের কিছু ছবিও শেয়ার করেন এবং লেখেন, “খুব কাছ থেকে বিদ্যাসাগর সেতু আর হাওড়া ব্রিজও দেখলাম।” সকাল সকাল প্রধানমন্ত্রীকে ক্যামেরা হাতে গঙ্গা বক্ষে দেখতে হাজির হয়েছিলেন বহু মানুষও।

বিধানসভা নির্বাচনের আগে গত কয়েক সপ্তাহে একাধিকবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভা থেকে রোড শো একাধিক জনসংযোগমূলক কর্মসূচিতেও অংশগ্রহণ করেছেন। সম্প্রতি ঝাড়গ্রামে সভা সেরে ফেরার পথে রাস্তার ধারের একটি ছোট দোকানে দাঁড়িয়ে তাঁর ঝালমুড়ি খাওয়ার মুহূর্ত ভাইরাল। তবে কলকাতায় এভাবে গঙ্গাবক্ষে নৌ বিহার এই প্রথম। (PM Modi’s Boat Ride)

আগামী ২৯ এপ্রিল কলকাতায় দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। তাই রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, ভোটের আগে বাংলার মানুষদের পাশে থেকে, গঙ্গা ভ্রমণ করে তাদের মন জয় করতে চাইছেন মোদী।

Summer Health Care Guide: গরম মানেই শুধু ঘাম নয়: মন, পেট আর শরীরের গোপন বিপদ


Exit mobile version