ফুটবলের ময়দানে বাঁশি হাতে দাপিয়ে বেড়ান তিনি। আইএসএল-এ ম্যাচ খেলিয়েছেন। এবার তাঁকেই মিনাখাঁ বিধানসভা কেন্দ্রে থেকে প্রার্থী করা হয়ছে। মাঠ দাপানো ফুটবলারদের সামলানো প্রতীক মণ্ডল (Pratik Mondal ISF) এবার ভোটযুদ্ধে। বাম সমর্থিত আইএসএফের টিকিটে দাঁড়িয়েছেন কলকাতা ময়দানের ফুটবল রেফারি প্রতীক মণ্ডল। কিন্তু কেন আইএসএফ-কে বেছে নিলেন প্রতীক? তাঁর সাফ জবাব, নওশাদ সিদ্দিকীর আদর্শ ও কথাবার্তা তাঁর খুব ভাল লাগে। ভাইজানের রাজনৈতিক মত তাঁকে আকৃষ্ট করেছে। সে কারণেই আইএসএফ-এর হয়ে ভোটের ময়দানে নেমেছেন তিনি।
প্রতীক আরও বলেন, খেলার মাঠের পাশাপাশি ছোট থেকেই তাঁর সমাজসেবায় ঝোঁক ছিল। আমফান বা করোনার সময় সাহায্য পৌঁছে দিয়েছেন তিনি। তাই প্রার্থী হিসেব তাঁর নাম ঘোষণা হওয়ার পর স্থানীয় বহু মানুষ অভিনন্দন জানিয়েছেন। বিরোধী দলের বন্ধুবান্ধরাও সেই তালিকায় ছিলেন। প্রতীক বলেন, ‘আইএসএফ-এর নেতৃত্ব আমার সঙ্গে যোগাযোগ করে। ওদের চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি শুনে মনে হয়েছে মানুষের পাশে, মানুষের জন্য লড়াই করা যেতেই পারে। ওদের কথা শুনে ভাল লেগেছে। আমি সম্মতি দিয়েছি।’
নিজের বিধানসভা কেন্দ্র মিনাখাঁয় রাজনৈতিক সংঘর্ষ হয়ে থাকে। এই ব্যাপারে দারুন উদ্বিগ্ন প্রতীক। ভোটে জিতে সমস্যার সমাধান করতে চান তিনি। বলেন, ‘বারবার মিনাখাঁয় বিভিন্ন কারণে সংঘর্ষ হয়। অনেক মানুষের ক্ষতি হয়। বিধায়ক হতে পারলে এই সমস্ত সমস্যা সমাধান করার চেষ্টা করব।’
পাশাপাশি তিনি জানান, ভোটের শান্তির পরিবেশ বজায় রাখার জন্য সব চেষ্ঠাই করবেন তিনি। এমনকি মনোনয়ন পেশের সময় আইএসএফের তরফ থেকে বিরোধীদের কোনওভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হলে সবার আগে প্রতিবাদ করবেন। সেক্ষেত্রে বিরোধী প্রার্থীরা যাতে মনোনয়ন দিতে পারেন, তার জন্য দলের কর্মীদের নির্দেশ দেবেন তিনি।
মিনাখাঁ বিধানসভায় প্রতীকের (Pratik Mondal ISF) বিপরীতে দাঁড়িয়েছেন তৃণমূলের প্রার্থী ঊষারানি মণ্ডল এবং বিজেপি-র প্রার্থী হয়েছেন রুদ্রেন্দ্র পাত্র। লড়াই কঠিন সন্দেহ নেই। কিন্তু ফুটবলমাঠে এমন টেনশনের ম্যাচ অনেক পরিচালনা করেছেন। ভোটের ময়দানে কীভাবে সামলাবেন, তারই অপেক্ষায় মিনাখাঁ কেন্দ্রের আমজনতা।

