SIR Hearing-এর নামে অযথা হয়রানি অভিযোগ উঠছে বিভিন্ন এলাকায়। প্রতিবাদ জানাতে বহু মানুষ রাস্তায় নেমেছেন। কোথাও পথ অবরোধ কোথাও আবার টায়ারে জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মানুষেরা।
রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। গ্রামবাসীদের অভিযোগ, ৯০০ ভোটারের মধ্যে ৪৭৫ ভোটারকে হেয়ারিং এর নোটিশ দেওয়া হয়েছে। অযথা তাদের হয়রানি করছে ইলেকশন কমিশন। হিয়ারিং এর জন্য কাজকর্ম বন্ধ রাখতে হচ্ছে। বিক্ষোভকারীদের প্রশ্ন, সাধারণ খেটে খাওয়া মানুষ তারা। রুজি-রুটির দায়ে কাজকর্ম করবেন নাকি বারবার শুনানিতে যাবেন। তারই প্রতিবাদে রাস্তা অবরোধ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বাদুড়িয়ার শিমুলতলা এলাকার । মসলন্দপুর-বসিরহাট রোডের শিমুলতলা এলাকায় রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে যায় বাদুড়িয়া থানার পুলিশ।
অন্যদিকে উত্তর ২৪ পরগনার বসিরহাট এক নম্বর ব্লকের বিরামনগর মাঠ সংলগ্ন জাতীয় সড়ক উত্তাল হয়ে ওঠে। এস আই আর-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শয়ে শয়ে গ্রামবাসী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে দেখান। অভিযোগ, শুনানির নামে দিনের পর দিন সাধারণ মানুষকে ডেকে এনে নির্বাচন কমিশনের তরফে অকারণে হেনস্তা করছে ।
জাতীয় সড়কের উপর গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষভ দেখান গ্রামের বাসিন্দারা। বন্ধ হয়ে যায় যান চলাচল। জাতীয় সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকে পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে পণ্য পরিবহণের সঙ্গে যুক্ত বহু মানুষ।
বিক্ষোভকারীদের দাবি, এস আই আর-এর শুনানির নামে যে পদ্ধতিতে মানুষকে ডেকে পাঠানো হচ্ছে, তা সম্পূর্ণ অযৌক্তিক ও হয়রানিমূলক। কোনও স্পষ্ট কারণ ছাড়াই বারবার হাজিরা দিতে বাধ্য করা হচ্ছেন সাধারণ গ্রামবাসী। ফলে দিনের পর দিন অফিস-কাছারি বন্ধ রাখতে হচ্ছে। অবস্থার অবসান না হলে আন্দোলন আরও বৃহত্তর হবে বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
অবরোধের খবর পেয়ে প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। অবরোধ তুলে নেওয়ার জন্য বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। দীর্ঘ সময় অবরোধ চলায় জাতীয় সড়কের যানজটের স্বাভাবিক হতে সময় লাগে।

