Site icon Hindustan News Point

Protest at Hasnabad: SIR তালিকায় নাম বাদ, আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ হাসনাবাদে

Protest at Hasnabad

ভোটের আবহে প্রার্থীদের দল বদল আর প্রচারের লড়াই অব্যাহত। তবে SIR-এর কাজ এখনও শেষ না হওয়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তে জনগণের হয়রানির ছবিটা একই আছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় বিক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ। SIR নিয়ে আবারও রাস্তা অবরোধের ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনার হাসনাবাদে।

হাসনাবাদ ব্লকের রাজাপুর এলাকার ২০৭ নম্বর বুথে ১২৮৩ জন ভোটারের মধ্যে ২৫৭ জনের নাম বাদ গিয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটারসহ বিচারাধীন ভোটার এবং গ্রামের অন্যান্য মানুষরা রাস্তা অবরোধ করে বিক্ষোভে দেখান। তাদের কথা অনুযায়ী, নির্বাচন কমিশনের একাধিক আধিকারিকদের সঙ্গে অনেকবার আলোচনা করেও এ বিষয়ে কোনও সাহায্য পাননি। আসন্ন নির্বাচনে তাঁরা আদৌও ভোট দিতে পারবেন কি না তা তাঁরা জানেন না। আর সেই চরম অনিশ্চয়তার ক্ষোভ থেকেই রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানাতে থাকেন এলাকার একাংশ। (Protest at Hasnabad)

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। উত্তেজিত অবরোধকারীদের তারা বোঝানোর চেষ্টা করেন কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। বিক্ষোভের কারণে বিস্তীর্ণ এলাকায় যানজট সৃষ্টি হয়।

West Bengal Election: লিয়েন্ডারের ফুল বদল, BJP-তে যোগ দিলেন টেনিস কিংবদন্তি, ভোটে দাঁড়াবেন? জল্পনা

উল্লেখ্য, কয়েকদিন আগেও দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হতেই উত্তেজনার ছবি দেখা গিয়েছিল হাসনাবাদের মাখালগাছা পঞ্চায়েত এলাকায়। হাসনাবাদের হাবাসপুর দক্ষিণপাড়া, উত্তরপাড়া, হরিকাটি-সহ একাধিক এলাকায় কয়েকশো মানুষের নাম বাদ পড়েছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বসিরহাট উত্তর বিধানসভার অন্তর্গত মাখালগাছা এলাকার মাত্র দুটি বুথ থেকেই প্রায় ৬৫০ জনের নাম বাদ পড়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করেই মালঞ্চ-টাকি রোডে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। মাত্র কয়েকদিনের মধ্যেই আবারও একই ছবি সেই হাসনাবাদেই।

অন্যদিকে একই ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনার গুমা ২ পঞ্চায়েতের ছোট বামুনিয়া এলাকায়। সেখানে ১৩৯,১৪০ এবং ১৪১ নম্বর বুথে প্রায় ১২০০ ভোটারের নাম বাদ গিয়েছে। তারই প্রতিবাদে আজ অশোকনগরের গুমা জোড়া ব্রিজ এলাকায় যশোর রোডে প্রায় দু’ঘণ্টা ধরে চলল টায়ার জ্বালিয়ে অবরোধ। (Protest at Hasnabad)

বিধানসভা নির্বাচনের আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। তার আগে রাজ্যের একাধিক অঞ্চলে এই অবস্থান বিক্ষোভের জেরে SIR নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। কেন SIR এর কাজ সঠিকভাবে শেষ না করেই তড়িঘড়ি নির্বাচনের দিন ঘোষণা করল কমিশন? আর যে বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ গেল তাদের ভবিষ্যৎই বা কী, উঠছে প্রশ্ন।


Exit mobile version