রাতের অন্ধকারে বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর ২৪ পরগনার রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগান এলাকা। ওই এলাকার একটি ভাড়া বাড়িতে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটে। শুক্রবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে বিস্ফোরণের তীব্রতায় বাড়ির দুটি ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে নারায়ণপুর ও রাজারহাট থানার পুলিশ। (Rajarhat Blast)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে দুই ব্যক্তি ওই বাড়ির একটি ঘর ভাড়া নেন। এক রাতের জন্যই নাকি ভাড়া নেওয়া হয়েছিল। স্থানীয়দের দাবি, শুক্রবার রাতে দুই নাবালক একটি ব্যাগ নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেছিল। ব্যাগটি ঘরে রেখে তারা বাইরে বেরিয়ে আসে। আর তার মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিকট শব্দ করে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে আশপাশের মানুষ ছুটে আসেন। তাঁরাই পুলিশকে খবর দেন। ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের একাংশের দাবি, ব্যাগের ভিতরে কী ছিল, তা সম্ভবত ওই দুই নাবালক জানত না। (Rajarhat Blast)
পুলিশের প্রাথমিক অনুমান, সুতলি বোমা থেকেই এই বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল থেকে একাধিক সুতলি বোমার অংশ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ফলে তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ওই ঘরে আগে থেকেই বোমা মজুত ছিল, নাকি ব্যাগের মধ্যেই বিস্ফোরক এনে রাখা হয়েছিল।
উৎকণ্ঠার অবসান, খোঁজ মিলল দময়ন্তীর, সারারাত কোথায় ছিল এই শুটার?
ইতিমধ্যে ঘটনার সময়ের গুরুত্বপূর্ণ একটি সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ব্যাগ রেখে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে। সেই ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যদিও বিস্ফোরণের প্রকৃত কারণ, এর পিছনে কারা জড়িত এবং কোনও বড় নাশকতার ছক ছিল কি না, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে।
তবে ঘনবসতিপূর্ণ এলাকায় এমন বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। (Rajarhat Blast)

