---Advertisement---

Prasanta Burman: রয়েছে আত্মসমর্পনের নির্দেশ, BDO প্রশান্ত বর্মনকে সরাল সরকার

January 20, 2026 8:14 PM
Prasanta burman
---Advertisement---

সল্টলেকের দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনের মামলায় সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরই বড় প্রশাসনিক রদবদল। রাজগঞ্জের বিডিও পদ থেকে সরানো হল অভিযুক্ত প্রশান্ত বর্মনকে (Prasanta Burman)। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে রাজগঞ্জের যুগ্ম বিডিও সৌরভকান্তি মণ্ডলকে। সুপ্রিম কোর্ট ২৩ জানুয়ারির মধ্যে প্রশান্তকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এই বদলি কার্যকর হওয়ায় বিষয়টি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

গত ২৮ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণের অভিযোগ ওঠে। পরদিন নিউটাউনের যাত্রাগাছি এলাকায় বাগজোলা খালপাড় থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে বিধাননগর দক্ষিণ থানায় অপহরণ ও খুনের মামলা রুজু হয়। তদন্তে উঠে আসে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নাম। অভিযোগ, প্রশান্তের উত্তরবঙ্গের বাড়ি থেকে চুরি যাওয়া সোনা স্বপন কিনেছিলেন—এই সন্দেহ থেকেই তাঁকে অপহরণ করে মারধর করা হয়।

মামলায় নাম জড়ানোর পর থেকেই গা-ঢাকা দেন প্রশান্ত। বারাসত আদালত প্রথমে আগাম জামিন দিলেও, সেই নির্দেশ খারিজ করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। এরপর সুপ্রিম কোর্টেও স্বস্তি মেলেনি তাঁর। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, নির্দিষ্ট সময়ের মধ্যেই তাঁকে আত্মসমর্পণ করতে হবে।

এই আবহে রাজগঞ্জের বিডিও বদল নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, এত দিন অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর দ্রুত পদক্ষেপ করা হল। নতুন বিডিও সৌরভকান্তি মণ্ডল জানিয়েছেন, দীর্ঘদিন ধরে থমকে থাকা প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজ দ্রুত শুরু করাই তাঁর প্রথম লক্ষ্য। স্থানীয় বিধায়কও আশাবাদী, এবার ব্লকের কাজকর্মে গতি ফিরবে।

এ দিকে, প্রশান্ত বর্মন আদৌ কবে আত্মসমর্পণ করবেন এবং তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর রাজ্য রাজনীতি ও প্রশাসনের।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment