Site icon Hindustan News Point

রথযাত্রায় ভাসাবে বৃষ্টি? নিম্নচাপ, অতিভারী বর্ষণের সতর্কতা

Weather Update 13

দক্ষিণবঙ্গে এবার বর্ষার দাপট আরও বাড়তে চলেছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি সঞ্চয় করছে এবং বুধবার ভোরের মধ্যেই তা নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার বিকেলের সাংবাদিক বৈঠকে দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, আগের পূর্বাভাসে কিছু পরিবর্তন এনে এখন থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার ইঙ্গিত মিলেছে। তাঁর কথায়, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। (Weather Update)

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। ওই দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর রথযাত্রার দিন উপকূলবর্তী জেলাগুলিতে অতিভারী বৃষ্টির আশঙ্কা করা হয়েছে। একই সঙ্গে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত নিচু এলাকার জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই ভারী বৃষ্টির পরিস্থিতি শনিবার দুপুর পর্যন্ত বজায় থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। (Weather Update)

অন্যদিকে উত্তরবঙ্গেও ফের বৃষ্টির দাপট বাড়বে। শুক্রবার থেকে একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এরপর রবিবার উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় অতি ভারী থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। (Weather Update)

আবহবিদদের ব্যাখ্যা, বর্তমানে দক্ষিণ বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্তটি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং সেটিই ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে। মাত্র ছয় দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে এটি দ্বিতীয় নিম্নচাপ, যা আগের নিম্নচাপের তুলনায় আরও শক্তিশালী হতে পারে। পাশাপাশি উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাও বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করছে। ফলে আগামী কয়েকদিন রাজ্যের বিস্তীর্ণ অংশে বর্ষার প্রভাব আরও জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে। (Weather Update)


Exit mobile version