Site icon Hindustan News Point

West Bengal Election 2026: তৃণমূলের ঘোষ পরিবারকে খোঁচা, কলতানের লড়াইকে সম্মান জানিয়ে প্রচারে অভয়ার মা

West Bengal Election 2026

আর জি করের নির্যাতিতা নিহত তরুণী চিকিৎসকের মা এখন আর শুধুই ক্যামেরার সামনে নন। বুধবার পানিহাটির (West Bengal Election 2026) বিজেপি প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করার পরেই বৃহস্পতিবার তিনি পৌঁছে যান সল্টলেকের বিজেপি দপ্তরে। আসন্ন বিধানসভা ভোটে বিজেপির তৃতীয় দফার তালিকা গতকালই প্রকাশ করেছে বিজেপি। আর তাতেই ছিল গেরুয়া শিবিরের মোক্ষম চমক। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ১৯ জনের প্রার্থী তালিকায় দেখা গেল পানিহাটির প্রার্থী হিসাবে আর জি করের নির্যাতিতা নিহত তরুণী চিকিৎসকের মায়ের নাম। আজ তাঁকে দেখা গেল বিজেপির সদর দপ্তরে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, “মানুষকে বলব আপনারা আসুন লড়াই করুন, জয় আপনাদের হবে। একটা ঘোষ ফ্যামিলি পানিহাটিকে শেষ করে দিচ্ছে। আমার লড়াই তৃণমূলের বিরুদ্ধে।” এরপরেই পানিহাটিতে তাঁর বিপক্ষের বাম প্রার্থী কলতান দাশগুপ্তের নাম উল্লেখ করে অভয়ার মা বলেন, “কলতানকে নিয়ে কোনও কথা বলতে চাই না। ও আমাদের সন্তানের মত। ও লড়াই করেছে।”

প্রসঙ্গত, পানিহাটিতে যে তিনিই বিজেপি প্রার্থী হতে পারেন, সেই সম্ভাবনা ছিলই৷ বুধবার পানিহাটি কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে অভয়ার মায়ের নাম ঘোষণা করার পরই তাঁদের বাড়ির সামনে উল্লাসে ফেটে পড়লেন বিজেপি কর্মী সমর্থকরা৷ নিজে হাতে বাড়ির বাইরে বিজেপি-র পতাকা লাগালেন অভয়ার বাবাও৷ প্রার্থী হওয়ার পর অভয়ার মা বলেন, “প্রার্থী হওয়াটা আমার কাছে অনেক যন্ত্রণার, অনেক কষ্টের৷ আমি জিতলে পানিহাটিবাসীর জয় হবে৷ লড়াইটা হয়ত আমি করব, কিন্তু জিতবে পানিহাটির মানুষই৷ আমার মেয়ে রোগীদের দেখে এসে বলত, মা কারও কাছে কিছু চাইতে নেই, দিতে হয়৷ সুযোগ পেলে আমিও সেই চেষ্টাই করব৷”

বৃহস্পতিবার আবারও মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে নিশানা করেন অভয়ার (West Bengal Election 2026) মা। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ দুর্নীতিতে ডুবে আছেন। মহিলাদের কোনও সুরক্ষা নেই, সম্মান নেই। কোনও কিছু ঘটলেই বলা হয়, রাতে মেয়েরা বাইরে বেরোবে না, রাতে ডিউটি দেবে না। এসব কথা যিনি বলেন তিনিই আমাদের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী। আমি বলব ভয় না পেয়ে সবাই নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হোন। অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই এটা। সবাই আমার আন্দোলনে ছিলেন, তাঁরা আমার পাশে থাকবেন। তাতে তৃণমূলকে মূল সমেত উপড়ে ফেলতে পারব।”


Exit mobile version