কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ লিফটে আটকে ব্যক্তির মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং লিফটের দায়িত্বে থাকা কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার দায়িত্বে থাকা ৩ লিফটম্যান এবং ২ নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ । শুক্রবারেরঘটনার পরই দ্রুত তদন্ত শুরু করে পুলিশ । লিফটম্যান ও নিরাপত্তাকর্মীদের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেই মনে করছে তদন্তকারীরা।
এই মর্মান্তিক ঘটনার পরই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন । কীভাবে ঘটনা ঘটল ? কেন লিফটের ভিতরে কোনও কর্মী উপস্থিত ছিলেন না ? মৃত ব্যক্তি কোথায় যাচ্ছিলেন, কার সঙ্গে ছিলেন? এই সব বিষয়ে জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি লিফটের রক্ষণাবেক্ষণের অবস্থা কী ছিল, কতদিন অন্তর তা পরীক্ষা করা হত- এসব বিষয়েও রিপোর্টে উল্লেখ করতে বলা হয়েছে। আগামী সোমবার সকালের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালকে । RG KAR Lift Case
স্বাস্থ্য ভবনের তরফে আরও বলা হয়েছে, মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের গতিবিধি এবং লিফটের ভিতরের সিসিটিভি ফুটেজও রিপোর্টের সঙ্গে জমা দিতে হবে। ঘটনায় ৩ লিফটম্যান ও ২ নিরাপত্তারক্ষীকে আটক করে জিজ্ঞাসাবাদের পর পাঁচ জনকেই গ্রেফতার করে পুলিশ। ঘটনার সময় শিশু ও মহিলা বেরিয়ে যেতে পারলেও কেন অরূপ আটকে পড়লেন এবং তিনি বেরোতে পারলেন না কেন? এই বিষয়েও বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যাতেই স্বাস্থ্য ভবন থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। কোথায় গাফিলতি হয়েছে, রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থাগুলি কতটা দায়িত্ব পালন করেছে, সে বিষয় রিপোর্টে উল্লেখ করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার গভীর রাত প্রায় আড়াইটে নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে। আর জি কর- এর ট্রমা কেয়ার সেন্টারের লিফটে দীর্ঘক্ষণ আটকে পড়ে মৃত্যু হয় নাগেরবাজারের বাসিন্দা বছর চল্লিশের অরূপ বন্দ্যোপাধ্যায়ের। তাঁর ছেলের চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন তিনি। লিফটে করে নীচে নামার সময় স্ত্রী এবং ছেলে বেরিয়ে যেতে পারলেও অরূপ বেরোতে পারেননি। লিফটের দরজায় আটকে পড়েন তিনি। বেসমেন্ট আটকে পড়ায় তাঁর স্ত্রী স্বামীকে বাঁচানোর জন্য দীর্ঘক্ষণ সাহায্যের জন্য ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। পরে যখন অরূপকে উদ্ধার করে চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয় ততক্ষণে সব শেষ। RG KAR Lift Case
আরও পড়ুন: Aviation News: কেন্দ্রের নির্দেশে বিপাকে বিমান সংস্থা, চাপ পড়বে যাত্রীদের পকেটেই?

