Site icon Hindustan News Point

বছরে আয় মাত্র ৫ লাখ, ২৪টি জমির মালিক, শওকতের স্ত্রীর চোখ টাটানো সম্পত্তি

Saokat Molla 1

ভাঙড় বিস্ফোরণ মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গ্রেফতারের পর তাঁর পরিবার, সম্পত্তি এবং আর্থিক লেনদেন নিয়ে শুরু হয়েছে তদন্ত। শুক্রবার জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র হাতে গ্রেফতার হওয়ার পর শনিবার তাঁকে বিশেষ NIA আদালতে পেশ করা হয়। তদন্তকারীদের দাবি, বিস্ফোরণকাণ্ডে তাঁর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে তাঁর পরিবার ও সম্পত্তি সংক্রান্ত তথ্যও সামনে আসতে শুরু করেছে। (Saokat Molla)

শওকত মোল্লার পরিবারের সদস্যদের পরিচয় ও পেশা নিয়েও এখন চর্চা তুঙ্গে। তাঁর স্ত্রীর নাম সায়রা বানু। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বড় মেয়ে সাবানা মোল্লা রোকেয়া মহাবিদ্যালয়ের স্টেট অ্যাডেড কলেজ টিচার (SACT)। তিনি বাংলায় পিএইচডি ডিগ্রিধারী। ছোট মেয়ে রুবিনা মোল্লা কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। একমাত্র ছেলে ইমরান মোল্লা স্নাতক এবং একটি ক্যাফের মালিক। উল্লেখ্য, মাতলা নদীর চর ভরাট করে সেখানে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগে এর আগেই গ্রেফতার হয়েছেন ইমরান মোল্লা। (Saokat Molla)

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য জমা দেওয়া হলফনামা থেকে শওকত মোল্লার পরিবারের আর্থিক পরিস্থিতি সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। নথি অনুযায়ী, তাঁর স্ত্রী সায়রা বানুর আয় ২০২০-২১ অর্থবর্ষে ছিল ৩ লক্ষ ২৯ হাজার ৪৫০ টাকা। পরের অর্থবর্ষে সেই আয় বেড়ে দাঁড়ায় ৩ লক্ষ ৫৩ হাজার ১৩০ টাকায়। ২০২২-২৩ সালে আয় কমে হয় ৯৬ হাজার ২৯০ টাকা। তবে পরবর্তী দুই বছরে আবার তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। ২০২৩-২৪ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৪ লক্ষ ৬৫ হাজার ৮০০ টাকা এবং ২০২৪-২৫ অর্থবর্ষে তা বেড়ে হয় ৫ লক্ষ ৭৪ হাজার ২৪০ টাকা।

শুধু শওকত নয়, নজরুল আলি মণ্ডলকে গ্রেফতারের দাবি বিধায়ক দেবাশিস ধরের

সবচেয়ে বেশি নজর কেড়েছে সায়রা বানুর নামে থাকা সম্পত্তির পরিমাণ। হলফনামা অনুযায়ী, তাঁর নামে রয়েছে মোট ২৪টি জমি। এই জমিগুলি দক্ষিণ ২৪ পরগনার মৌখালি, কুমারখালি, ক্যানিং, জীবনতলা, সোনারপুর-সহ একাধিক এলাকায় ছড়িয়ে রয়েছে। জমিগুলির বর্তমান বাজারমূল্য এবং সেগুলি কীভাবে কেনা হয়েছে, তা নিয়েও তদন্তকারী সংস্থাগুলি তথ্য সংগ্রহ করছে বলে সূত্রের খবর। (Saokat Molla)

এদিকে ভাঙড় বিস্ফোরণ মামলার তদন্তে নতুন মাত্রা যোগ করেছে শওকত মোল্লার কাছ থেকে উদ্ধার হওয়া একটি পেনড্রাইভ। শনিবার আদালতে এই পেনড্রাইভের প্রসঙ্গ ওঠে। NIA-র আইনজীবী আদালতে দাবি করেন, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই মামলার তদন্তভার গ্রহণ করেছে NIA এবং তদন্তে উঠে এসেছে যে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল শওকতের। কল ডিটেলস রেকর্ড (CDR) বিশ্লেষণ করে তদন্তকারীরা এমন তথ্য পেয়েছেন বলে আদালতে জানানো হয়। (Saokat Molla)

NIA-র দাবি, বোমা তৈরির সময় আহত ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ করেছিলেন শওকত মোল্লা। অন্যান্য অভিযুক্তদের কাছে তাঁর নির্দেশ পৌঁছত বলেও তদন্তকারীদের সন্দেহ। তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া পেনড্রাইভেও গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে মনে করছে তদন্তকারী সংস্থা। সেই কারণেই তাঁকে ১৪ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানানো হয় আদালতে।

অন্যদিকে শওকত মোল্লার আইনজীবী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, বিস্ফোরণের সময় শওকত ঘটনাস্থল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে নিজের বাড়িতে ছিলেন। এমনকি বিস্ফোরণের বিষয়েও তিনি কিছু জানতেন না। প্রতিরক্ষার আরও দাবি, একজন Z+ নিরাপত্তাপ্রাপ্ত রাজনৈতিক ব্যক্তিত্বের পক্ষে প্রকাশ্যে এমন ষড়যন্ত্রে যুক্ত থাকা বাস্তবসম্মত নয়। তবে তদন্তকারীরা এখন উদ্ধার হওয়া পেনড্রাইভ এবং মোবাইলের ফরেন্সিক রিপোর্টের দিকেই নজর রাখছেন। সেখান থেকেই মামলার তদন্তে নতুন তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। (Saokat Molla)

আরও পড়ুন : কামালগাজি থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা


Exit mobile version