তীব্র গরমে নাজেহাল শহর কলকাতা। বেলা বাড়লেই রোদের তেজে প্রাণ ওষ্ঠাগত পথচলতি মানুষের। তবে এই গরমের মধ্যেও দিনের পর দিন রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব সামলাতে হচ্ছে ট্র্যাফিক পুলিশ কর্মীদের। এবার সেই কর্মরত পুলিশদের গরম থেকে কিছুটা স্বস্তি দিতেই তাঁদের হাতে বিশেষ ‘গরমের কিট’ তুলে দিলেন কলকাতার পুলিশের নগরপাল অজয় নন্দ। বুধবার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এলাকায় উপস্থিত হয়ে নিজের হাতে ট্র্যাফিক পুলিশ কর্মীদের মধ্যে এই কিট বিলি করেন তিনি। (Summer Kit Distribution)
এদিন শহরের একাধিক ট্রাফিক পুলিশ এবং কর্মীদের মধ্যে গরমের কিট বিলি করেন নগরপাল, সঙ্গে খাওয়ানো হয় ডাবের জলও। এদিন নগরপাল বলেন, কলকাতার ট্র্যাফিক পুলিশেরা যেভাবে প্রচণ্ড গরমের মধ্যেও সুস্থভাবে এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। গরমের কথা মাথায় রেখে পুলিশ কর্মীদের পোশাকেও কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি সার্জেন্টদের ক্ষেত্রে ডিউটির সময়ও ২ ঘণ্টা কমানো হয়েছে, যাতে তাঁরা কিছুটা স্বস্তি পান।
অজয় নন্দ আরও বলেন, মুখ্যমন্ত্রীর উৎসাহ এবং সমর্থনে পুলিশকর্মীরা মনোবল অনেকটাই বেড়েছে। শহরে হেলমেট নিয়ে যে বিশেষ অভিযান চলছে, তা আগামী দিনেও একইভাবে চলবে বলেও জানান তিনি। বিশেষ করে পার্ক সার্কাস এবং রাজাবাজার এলাকায় বাড়তি সতর্কতা রাখা হচ্ছে বলে জানিয়েছেন নগরপাল। তাঁর কথায়, “মানুষের জন্যই আমরা আছি।” (Summer Kit Distribution)
প্রযুক্তির দুনিয়ায় AI-এর থাবা, হাজার হাজার কর্মীর ছাঁটাই Meta, LinkedIn-এ
এদিন তিনি রবিবার পার্ক সার্কাসের ঘটনার প্রসঙ্গেও মুখ খোলেন। নগরপাল জানান, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান নগরপাল।

