Site icon Hindustan News Point

Suvendu Adhikari Oath Ceremony: নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শুভেন্দু অধিকারীর, ব্রিগেডের মাঠে উপস্থিত প্রধানমন্ত্রী সহ ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী

Suvendu Adhikari Oath Ceremony

ব্রিগেডের মাঠ থেকে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Oath Ceremony)। শপথ নিলেন তাঁর মন্ত্রীসভার সদস্যরাও। সকাল ১১টা নাগাদ এই ঐতিহাসিক কার্যক্রম শুরু হয়। শপথ বাক্য পাঠ করান, রাজ্যপাল আরএন রবি। এক্কেবারে বাঙালিআনা। গেরুয়া পাঞ্জাবি ও ধুতি পড়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু। শুভেন্দুর সঙ্গে পাঁচ মন্ত্রী পদে শপথ নেন, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিক।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Suvendu Adhikari Oath Ceremony) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সময়ের আগেই কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সকাল ১০.২৫ নাগাদ রেসকোর্সে অবতরণ করে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার। এরপরই হুডখোলা গাড়িতে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে আসেন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারী। শপথের মূল মঞ্চে উঠেই প্রথমে রবীন্দ্রনাথের ছবিতে মাল্যদান করেন প্রধানমন্ত্রী। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গী মাখনলাল সরকারকে সন্মান জানান প্রধানমন্ত্রী।

এছাড়াও এই শপথ অনুষ্ঠানে উপস্থিত, বিজেপির শীর্ষ নেতৃত্বরা এবং এনডিএ-শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং উপস্থিত ছিলেন, রাজ্যে নবনির্বাচিত বিজেপি বিধায়করা। ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও।

সকাল থেকেই সাজোসাজো রব ছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। রবীন্দ্রজয়ন্তীর শুভলগ্নে বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। সকাল থেকে হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় ছিল। দলে দলে হেঁটেই ব্রিগেডের দিকে যেতে দেখা যায় তাঁদের। কারও হাতে পদ্মফুল আবার কারও হাতে বিজেপির পতাকা। দূরের জেলা থেকেও অনেকে কলকাতায় আসেন শপথগ্রহণের সাক্ষী থাকতে। কালীঘাট মন্দিরের আদলে ব্রিগেডে শপথগ্রহণের মঞ্চ প্রস্তুত করেছে রাজ্য সরকার। মঞ্চে মা কালী, মা দুর্গার ছবি রয়েছে, সঙ্গে রয়েছে গঙ্গাসাগরের সাধুদের ছবিও। ২৫ বৈশাখ রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আলাদা করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানানো হয় ব্রিগেডে। মূল মঞ্চে বাজে রবীন্দ্রসঙ্গীত। ব্রিডেগ প্যারেড গ্রাউন্ডে ছো নাচ থেকে শুরু করে আদিবাসী নৃত্য। এই মাঠে উঠে আসে এক টুকরো পশ্চিমবঙ্গ। মঞ্চের বাইরে ঝালমুড়ির স্টল থেকে শুরু করে বিভিন্ন রকমের মিষ্টির স্টলও দেখতে পাওয়া যায়।

শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে হবু বিধায়কদের সঙ্গে বৈঠকে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরেই লোকভবনে গিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠনের দাবি পেশ করে বিজেপি। রাজ্যপাল আরএন রবির হাতে বিজেপি বিধায়কদের স্বাক্ষরিত চিঠি তুলে দেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন দলের অন্যান্য নেতৃত্বরাও।

মুখ্যমন্ত্রী পদ থেকে মমতা পদত্যাগ না করায় সকলেরই নজর ছিল রাজ্যপাল কী পদক্ষেপ করেন। কারণ ৭ মে মধ্যরাতে মেয়াদ শেষ হচ্ছিল মমতার নেতৃত্বাধীন সরকারের। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে মমতার নেতৃত্বাধীন সরকার ভেঙে দেওয়ার কথা জানিয়েছিলেন রাজ্যপাল আরএন রবি। বিবৃতি জারি করে এই পদক্ষেপের কথা জানান মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা।


Exit mobile version