Site icon Hindustan News Point

ফলতায় রেকর্ড ভোটে জয় BJP-র, ‘তৃণমূলের হার-বার মডেল’, বিঁধলেন শুভেন্দু

Suvendu Adhikari on Falta

বিধানসভা ভোটের আগে যে এলাকা ছিল তৃণমূলের গড়, ফলপ্রকাশের পর সেই ফলতাতেই পর্যুদস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়েরা। ‘পুষ্পা’হীন ফলতায় জয়ের পথে হাঁটছে পদ্ম শিবির। দ্বিতীয় বামেরা। চতুর্থ স্থানে তৃণমূল। ফলতায় বিজেপির জয় নিশ্চিত হতেই অভিষেক গড়ে তৃণমূলের এই হারকে ‘তৃণমূলের হার-বার’ মডেল বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on Falta)।

তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, “কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হলো ‘তৃণমূলের হার-বার’ মডেলে! সর্বপ্রথমে আমি ফলতা বিধানসভা আসনের পুনর্নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী দেবাংশু পাণ্ডাকে বিপুল জনাদেশ দিয়ে বিধানসভায় পাঠানোর জন্য ফলতার জনতা-জনার্দন গণদেবতাকে নত মস্তকে প্রণাম জানাই। ফলতার ভোটারদের কাছে বিশেষ ভাবে কৃতজ্ঞ, বিজেপির প্রার্থীকে এক লক্ষ ভোটে জেতানোর আবেদন করেছিলাম, জয়ের ব্যবধান এক লক্ষ আট হাজার পেরিয়েছে। উন্নয়নের মাধ্যমে আপনাদের এই ঋণ শোধ করব। সোনার ফলতা গড়ার জন্য আমরা দায়বদ্ধ।”

তৃণমূল শানিয়ে তিনি আরও লেখেন, “একটি নীতি-আদর্শহীন দল, যা মাফিয়া কোম্পানিতে রূপান্তরিত হয়েছিল, ক্ষমতা হারাতেই তার কঙ্কালসার দশা উন্মোচিত হয়েছে। রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে সরকারি ধন লুঠ, মানুষের কষ্টার্জিত অর্থ তোলাবাজি, সিন্ডিকেট ও থ্রেট কালচারের মাধ্যমে কেড়ে নিয়ে এই দলের নেতারা ধরাকে সরা জ্ঞান করেছিল। প্যারাসুটে নেমে সেনাপতি আখ্যা পাওয়া এক জালিয়াত, এমন কোনও অপরাধ নেই যা সংগঠিত করেনি। নিজের অপরাধ সিন্ডিকেটকে প্রতিষ্ঠিত করতে গণতন্ত্রের কণ্ঠরোধ করতেও কোনো কসুর করেনি এই ‘বাঘের ছাল পরিহিত বেড়াল’। ফলস্বরূপ, বিগত নির্বাচনকে পরিহাসে পরিণত করে এই বিধানসভা ক্ষেত্রে দেড় লাখ ভোটের লিড নিয়েছিল তৃণমূল। ১৫ বছর পরে যখন মানুষ নিজের ভোট নিজে দেওয়ার স্বাধীনতা ফিরে পেলেন, তখন আসল বাস্তব প্রকাশিত হলো।”

তিনি আরও লেখেন, “এ তো সবে শুরু, প্রত্যাখ্যানের দীর্ঘ যাত্রা এবার অতিক্রম করতে হবে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সামনে নির্বাচনে ‘নোটা’-র বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে ‘নোটা’-র কাছেও পরাজিত হয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গেও এই জমজমাট লড়াই প্রত্যক্ষ করার অপেক্ষায় রয়েছেন পশ্চিমবঙ্গবাসী”।

১৯ রাউন্ডের গণনা শেষে ফলতায় বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৩৭ হাজার ৪৭৩। তিনি ৯৯২০৮ ভোটে এগিয়ে আছেন। ৩৮২৬৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে সিপিএম। এ ছাড়া, কংগ্রেস ৯৭৫৮ এবং তৃণমূল ৫৯১৪টি ভোট পেয়েছে।


Exit mobile version