Site icon Hindustan News Point

‘অচলাবস্থা’ কাটাতে কলকাতা পুরসভায় ভোট, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আপাতত দায়িত্বে স্মিতাই

Suvendu Adhikari

রাজ্যে পালা বদল হয়েছে। এবার কলকাতার ছোট লাল বাড়ি দখলের পালা। ইতিমধ্যেই কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। পুরসভার অচলাবস্থা কাটাতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কলকাতা পুরসভার ভোটের ঘণ্টা বাজিয়ে দিলেন তিনি। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভায় নবনির্বাচিত বোর্ড গঠনের কথা জানিয়ে দিলেন তিনি।

মুখ্যমন্ত্রী হওয়ার পর সোমবার এই প্রথম কলকাতা পুরসভায় এলেন শুভেন্দু অধিকারী। এদিন পুরসভার বিশেষ স্বচ্ছতা কর্মসূচির অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, মালা রায়-সহ একাধিক কাউন্সিলর। মালা রায়, ফিরহাদ হাকিমকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

মুখ্যমন্ত্রী বলেন, ‘কলকাতায় ওয়ার্ড পুনর্বিন্যাস করে ৬ মাসের মধ্যে ভোট হবে। ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভায় নতুন বোর্ড হবে। আগামী ৬ মাসের মধ্যে কলকাতা পুরসভায় ভোট হবে। রাজ্য সরকার বাধ্য হয়েছে পুরসভায় প্রশাসক বসাতে। প্রশাসককে সহযোগিতা করার দায়িত্ব আপনাদের। পুরসভার কাজ কোনও অবস্থায় বন্ধ রাখা যায় না।’

ডিসেম্বর পর্যন্ত এই পুরসভার মেয়াদ ছিল। তবে ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ায় পুর বোর্ড বাতিল হয়ে গিয়েছে। তাই বাধ্য হয়েই পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে নিয়োগ করেছে পুর ও নগরোন্নয়ন দফতর।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘পুরসভার কাজ কখনও বন্ধ থাকতে পারে না। ছ-মাসের মধ্যে নিয়ম আছে ভোটের। আমাদের সরকারের নীতি খুব স্বচ্ছ। অচলাবস্থা চলতে পারে না। যাদের মেজরিটি ছিল তাদের কাছে অপশন ছিল। কিন্তু তারা মেয়র নির্বাচন করতে পারেননি। প্রতিদিনের সার্ভিস এখানে থেমে থাকতে পারে না।’

ছাব্বিশের নির্বাচনের পর থেকেই ভরাডুবি তৃণমূলে। আরও চওড়া হয়েছে ফাটল। এবার হাতছাড়া হচ্ছে কলকাতা পুরসভাও। অনেকের মনেই প্রশ্ন উঠেছিল, ডিসেম্বরের আগেই কলকাতা পুরসভায় ভোট করিয়ে নতুন বোর্ড গঠন করাবে শুভেন্দুর সরকার। সোমবার পুরসভার অনুষ্ঠানে এসে পুরবোর্ড গঠনের দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)।


Exit mobile version