রাজ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে বড়সড় পদক্ষেপের ঘোষণা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার তিনি জানান, আগামী ৩০ মে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে ‘স্বচ্ছ’ নামে একটি জিও-ট্যাগড মোবাইল অ্যাপ, যার মাধ্যমে শহরের বিভিন্ন জায়গায় জমে থাকা আবর্জনার ছবি সাধারণ মানুষ তুলেই সরাসরি সরকারকে পাঠাতে পারবেন। সেই তথ্য পৌঁছে যাবে সংশ্লিষ্ট সিভিক টিমের কাছে এবং দ্রুত পরিষ্কার করার ব্যবস্থা নেওয়া হবে। প্রথম ধাপে রাজ্যের ১০টি পুরসভায় এই পাইলট প্রকল্প শুরু হবে। (Agnimitra Paul Swachha App)
মন্ত্রী জানান, আগামী তিন মাস ধরে জোরদার সচেতনতা অভিযান চলবে। বাড়ি থেকে বর্জ্য পৃথকীকরণ—ড্রাই ও ওয়েট ওয়েস্ট—নিয়ে নতুন করে প্রচার চালানো হবে। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় ১০০ মিটার অন্তর ডাস্টবিন বসানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। তিনি বলেন, শহর পরিষ্কার রাখতে নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে, নইলে প্রশাসনের একার পক্ষে কাজ করা কঠিন। (Agnimitra Paul Swachha App)
অগ্নিমিত্রা পাল আরও জানান, ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সব পৌর এলাকায় কঠোরভাবে আইন কার্যকর হবে। রাস্তা বা জনসমক্ষে ময়লা ফেলা, এমনকি থুতু ফেলা বা পানের পিক ফেলার মতো কাজের ক্ষেত্রেও বিদ্যমান পৌর আইনের অধীনে জরিমানা ধার্য করা হবে। তিন মাস সময় দেওয়া হচ্ছে শুধুমাত্র সচেতনতা ও অভ্যাস পরিবর্তনের জন্য, এরপর থেকে শাস্তিমূলক ব্যবস্থা চালু হবে বলে স্পষ্ট করেন তিনি। (Agnimitra Paul Swachha App)
ভিডিও বার্তায় মন্ত্রী সাধারণ মানুষের আচরণ নিয়েও মন্তব্য করেন। তাঁর বক্তব্যে উঠে আসে শপিং মল বা উন্নত এলাকায় মানুষ পরিচ্ছন্নতা বজায় রাখলেও রাস্তার বাইরে বেরিয়ে চিপসের প্যাকেট বা ডাবের খোলা ফেলে দিচ্ছেন, যা শহরের সৌন্দর্য নষ্ট করছে। তিনি সকলকে পরিবার, স্কুল ও কর্মক্ষেত্রে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
নতুন অ্যাপের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দ্রুত পরিষেবা নিশ্চিত করার পাশাপাশি আগামী দিনে আরও বিস্তৃত প্রকল্প নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানা গিয়েছে। (Agnimitra Paul Swachha App)
১ অগস্ট থেকে রাজ্যে ডিজিটাল জনগণনা, বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর

