আজ স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মজয়ন্তী। ১২ জানুয়ারি আন্তর্জাতিক যুব দিবস হিসেবেও পালিত হচ্ছে এই দিনটি। সেই উপলক্ষে নতুন আলোয় সেজে উঠেছে বেলুড় মঠ। শুধু বেলুড় মঠই নয়, কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটেও উৎসবের আবহে দিনটি পালন করা হচ্ছে।
ভোরবেলায় রামকৃষ্ণদেবের মঙ্গলারতির মাধ্যমে বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপনের সূচনা হয়। সকাল থেকেই চলছে স্বামীজির বিশেষ পূজা ও অর্চনা। দিনভর ধর্মসভা-সহ নানা আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বামীজির জন্মদিন যুব দিবস হিসেবে পালিত হওয়ায়, ৪২তম যুব দিবস উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশেষ শোভাযাত্রা বেলুড় মঠে এসে পৌঁছয়। বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে প্রভাতফেরি ও শোভাযাত্রারও আয়োজন করা হয়, যা শেষে বেলুড় মঠে মিলিত হয়। Swami Vivekanand
তবে স্বামী বিবেকানন্দের জন্মদিন ঘিরে রাজনৈতিক তরজাও এবার নতুন নয়। কে আগে যুব দিবস পালন করবে, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। ইতিমধ্যেই স্বামীজির মূর্তিতে মাল্যদান করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তৃণমূল নেত্রী শশী পাঁজা। সিমলা স্ট্রিটে মিছিল করে আসছেন শুভেন্দু অধিকারীও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বামীজিকে শ্রদ্ধার্ঘ জানাতে সেখানে পৌঁছনোর কথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
তবে রাজনীতির এই টানাপড়েন থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রেখেছে বেলুড় মঠ। সেখানে আধ্যাত্মিক পরিবেশই প্রাধান্য পাচ্ছে। দূর-দূরান্ত থেকে সকাল থেকেই অসংখ্য ভক্ত বেলুড় মঠে এসে ভিড় জমিয়েছেন। জন্মবার্ষিকী উপলক্ষে বৈদিক পাঠের আয়োজন করা হয়েছে। মঠ চত্বরে দীর্ঘ লাইন চোখে পড়েছে। একাগ্রচিত্তে ধ্যানে নিমগ্ন বহু ভক্তের উপস্থিতি বেলুড় মঠের পরিবেশকে করে তুলেছে আরও শান্ত ও স্নিগ্ধ। Swami Vivekanand

