রাজ্যের প্রোটেম স্পিকার (Protem Speaker) হিসেবে শপথ নিতে চলেছেন মানিকতলা কেন্দ্রের বিজেপি বিধায়ক তাপস রায় (Tapas Roy)। আর সেই সেই প্রস্তুতি ঘিরেই বিধানসভা চত্বরে সাজোসাজো রব। রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের আগামী দু’দিন শপথ বাক্য পাঠ করাবেন তিনিই। বিধায়কদের শপথ সংক্রান্ত বিষয়ে সোমবারই বিধানসভা সচিবালয়ের তরফে জারি করা হয়েছে বিস্তারিত নির্ঘণ্ট।
মঙ্গলবার সকালে সেই প্রস্তুতিই খতিয়ে দেখতে বিধানসভায় যান মানিকতালার বিজেপি বিধায়ক তাপস রায়। নিরারপত্তা ব্যবস্থা ও অনুষ্ঠানের খুঁটিনাটি দেখেন। সেখান তিনি বেরিয়ে যান বিজেপির রাজ্য দফতরে। তারপর সেখান থেকে বিকেলে লোকভবনে যাবেন বলে জানান। সেখানেই প্রোটেম স্পিকার হিসাবে শপথ নেবেন।
এদিন বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তাপস রায়। তৃণমূলকে বিঁধে তিনি বলেন, ‘তৃণমূল বিধানসভাটাও নবান্ন থেকে চালাত। সমস্ত নিয়ম-নীতি লঙ্ঘন করা হতো। সংশোধিত গণতন্ত্র মেনে, নিয়ম-নীতি মেনেই বিধাসভায় কাজ করা হবে।’
আগামী দুদিন শপথ গ্রহণ প্রক্রিয়ায় যাতে কোনও বিঘ্ন না ঘটে, তাই জেলাশাসকদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শংসাপত্র সংক্রান্ত নির্দেশিকা। শপথ গ্রহণের সময় প্রত্যেক বিধায়ককে তাঁদের নির্বাচনে জয়ের আসল শংসাপত্র সঙ্গে রাখতে হবে। এছাড়াও, পরিচয়পত্রের জন্য প্রত্যেককে চার কপি স্ট্যাম্প সাইজ রঙিন ছবি আনতে বলা হয়েছে। বিধায়কদের সঙ্গীদের জন্যও রয়েছে নির্দেশিকা। বিধানসভা চত্বরে প্রবেশের জন্য একজন বিধায়ক সর্বোচ্চ দু’জন সঙ্গীকে সঙ্গে রাখতে পারবেন।
তাপস রায়কে বিধানসভার প্রাথমিক কার্যক্রমে সহায়তা করবেন বিজেপি শিলিগুলির বিধায়ক শঙ্কর ঘোষ ও সিউড়ির বিধায়ক বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। প্রোটেম স্পিকার হিসেবে তাপস রায় আগামী ১৩ ও ১৪ মে অন্যান্য নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন।

