ফের একবার ত্রাণ সামগ্রী পাচারের ঘটনায় ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক। গ্রেফতার পূর্ব বর্ধমানের কাটোয়ার প্রাক্তন বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ঘটনা ঘিরে মঙ্গলবার কাটোয়া জুড়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, তাঁর দলীয় কার্যালয়ের ঠিক উল্টো দিকে থাকা একটি গুদামঘর থেকে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ত্রিপল-সহ একাধিক সরকারি ত্রাণসামগ্রীও।
অভিযোগ, এদিন সরকারি ত্রিপল এবং কাপড় ওই কার্যালয় থেকে পাচার করা হচ্ছিল। সেই সময় স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মীরা হাতেনাতে বিষয়টি ধরে ফেলেন। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকায় স্থানীয় বাসিন্দারা ভিড় জমাতে শুরু করেন। প্রাক্তন বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের একাংশ “চোর চোর” স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। (Ex Tmc MLA Arrested)
বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই পাচারচক্র চালাচ্ছিলেন তৃণমূলের অন্দরের লোকেরা। এখন বিজেপি ক্ষমতায় আসার পর তাদের একের পর এক ধরা হচ্ছে। বিপুল পরিমাণে ত্রাণসামগ্রী পাচার হয়ে যাচ্ছিল। এবার সেগুলো বন্ধ হবে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া সরকারি সামগ্রীর উৎস কী এবং সেগুলি কীভাবে ওই গুদামঘরে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রথমে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়েছে।
তৃণমূল ভাঙছেন ঋতব্রত? জল্পনা জিইয়ে রেখে বললেন…
এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে কাটোয়ার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া সরকারি সামগ্রী এবং তার সঙ্গে কারা জড়িত, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। (Ex Tmc MLA Arrested)

