রাজ্যে প্রথম দফার ভোটের ঠিক আগের রাতেই উত্তপ্ত হয়ে উঠল ডোমকল। মুর্শিদাবাদের এই বিধানসভা কেন্দ্রে বুধবার রাতে কুপিলা সরদার পাড়া এলাকায় সিপিএম ও তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর জানা গিয়েছে। এই ঘটনায় দুই পক্ষের অন্তত তিন জন গুরুতর জখম হয়েছেন। দফায় দফায় উত্তেজনার জেরে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিপিএম কর্মীর বাড়ির সামনে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আহত বাম কর্মীর অভিযোগ, একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁর বাড়ির সামনে এসে অশালীন ভাষায় গালিগালাজ করছিল। সেই ঘটনার প্রতিবাদ করতে গেলে প্রথমে কথা কাটাকাটি এবং পরে তা হাতাহাতির রূপ নেয়। (TMC-CPM Clash)
পাল্টা অভিযোগ শাসক দলেরও। তৃণমূলের দাবি, তাদের কর্মীরা ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সিপিএম কর্মীই প্রথম অতর্কিতে তাঁদের ওপর হামলা চালায়। পরিকল্পিতভাবে তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ জোড়াফুল শিবিরের।
West Bengal BJP: টাকা ও শাড়ি বিলির অভিযোগ, তমলুকে BJP নেতার কার্যালয়ে হানা কেন্দ্রীয় বাহিনীর
এই সংঘর্ষে সিপিএমের ১ জন এবং তৃণমূলের ২ কর্মী জখম হন বলে খবর। স্থানীয় বাসিন্দারাই পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে চিকিৎসকরা তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। (TMC-CPM Clash)
প্রথমদফা নির্বাচনের আগে এই সংঘর্ষকে কেন্দ্র করে কুপিলা এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। ওই এলাকার সাধারণ ভোটারদের মধ্যে এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ালেও প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে।

