রাজ্যে পালাবদলের পর থেকে দুর্নীতির অভিযোগ জোরকদমে শুরু হয়েছে ধরপাকড়। সময় যত গড়াচ্ছে গ্রেফতারের তালিকায় তৃণমূল নেতাদের নামের তালিকাও ততই লম্বা হচ্ছে। সেই তালিকায় এবার যুক্ত হলেন পূর্ব মেদিনীপুরের মহিষাদলের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা তিলককুমার চক্রবর্তীর নাম। চাকরি দেওয়ার নামে ৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে। (TMC MLA Arrested)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৬ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে মহিষাদল থানার পুলিশ। তদন্তের পর বুধবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন এই তিলক চক্রবর্তী দলীয় কর্মসূচি চলাকালীন প্রকাশ্যে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেছিলেন, ‘এই শুভেন্দুর তুলসী মঞ্চে কে বাতি দেবে গো?’ এমনকি শুভেন্দু অধিকারীর বাবার নাম তুলেও শ্লোগান দিতে দেখা গিয়েছিল তাঁকে।
সেই সময় পাল্টা শুভেন্দু অধিকারী তৃণমূল বিধায়ককে ‘সাইকেল মিস্ত্রি’ বলে কটাক্ষ করে বলেছিলেন যেই শিশিরবাবুর নাম তুলে উনি কটাক্ষ করছেন, ওনার পার্টির অনেক বড় বড় নেতা এখনও তাঁকে প্রণাম করেন। একই সঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন , ২০২৬ সালে তিলক চক্রবর্তীর তুলসী মঞ্চে কে বাতি দেয় তা তিনি দেখে নেবেন। সেদিন তিনি বলেছিলেন নন্দীগ্রামের সঙ্গে মহিষাদল বিধানসভাও তাঁর হবে। (TMC MLA Arrested)
সময়ের চাকা ঘুরতেই শুধু মহিষাদল নয়, এখন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই পরিবর্তনের পরই এবার কপাল পুড়েছে সেই তিলক চক্রবর্তীর।
কলকাতা পুরসভার মেয়র পদ ছাড়তে চান ফিরহাদ হাকিম, সম্মতি মমতার
বুধবার রাতে গ্রেফতারির পর বৃহস্পতিবার সকালে তিলককুমার চক্রবর্তীকে প্রথমে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা শেষ হলে তাঁকে হলদিয়া আদালতে পেশ করা হয়। এদিন আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিলককুমার চক্রবর্তী বলেন, “এই বিষয়ে এখন কিছু বলব না। সময়ে সব পরিষ্কার হবে।”
এই গ্রেফতারির ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা এবং মামলার অগ্রগতি ঠিক কোন দিকে যায় সকলের নজর এখন সেই দিকেই। (TMC MLA Arrested)

