Site icon Hindustan News Point

TMC vs BJP: দ্বিতীয় দফার ভোট মিটতেই অশান্তি, হলদিয়ায় তৃণমূল অফিসে ভাঙচুর

TMC vs BJP

দ্বিতীয় দফার ভোটপর্ব শেষ হতেই পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় রাজনৈতিক উত্তেজনা ছড়াল। (TMC vs BJP) হলদিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুরএলাকায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই গভীর রাতে হামলা চালিয়ে তাদের পার্টি অফিস ভাঙচুর করেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে চিরঞ্জীবপুর এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়। (TMC vs BJP) অভিযোগ, অফিসের কাচ ভেঙে ফেলা হয়, জানালার ব্যাপক ক্ষতি করা হয় এবং কার্যালয়ের সামনে থাকা দলীয় পতাকার স্ট্যান্ড ভেঙে পতাকা উপড়ে ফেলে দেওয়া হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। বুধবার সকালে তৃণমূল কর্মীরা ভাঙচুর হওয়া অফিস দেখতে পেয়ে প্রতিবাদে সরব হন।

এই ঘটনায় বিজেপিকে সরাসরি নিশানা করেছেন হলদিয়ার তৃণমূল প্রার্থীর নির্বাচনী এজেন্ট অরুণ দিন্দা। তিনি বলেন, “দ্বিতীয় দফার ভোটপর্ব শেষ হওয়ার পর রাতে বিজেপির দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। সামনে ৪ তারিখ ভোটগণনা রয়েছে। তার আগে এলাকায় ভয়ভীতির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বিজেপি। কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এই ধরনের সন্ত্রাস করে আমাদের দমানো যাবে না। বাংলার মানুষ ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন।” (TMC vs BJP)

অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী বলেন, “তৃণমূল দেউলিয়া হয়ে গিয়েছে বলেই বারবার বিজেপির ভূত দেখছে। বিজেপি কেন তৃণমূলের পার্টি অফিস ভাঙতে যাবে? এলাকায় সিসিটিভি রয়েছে, পুলিশ তা খতিয়ে দেখুক। যারা দোষী তাদের শাস্তি হোক। গোটা হলদিয়াবাসী জানে তৃণমূলের প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে।”

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে হলদিয়ায়। ভোটের ফল ঘোষণার আগে এই ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকার রাজনৈতিক পরিস্থিতি।

Mamata Banerjee: ‘২০২৬-এ ২২৬টা আসন পাব’, বিজেপির বিরুদ্ধে এক্সিট পোলে কারচুপির অভিযোগ মমতার: TMC vs BJP: দ্বিতীয় দফার ভোট মিটতেই অশান্তি, হলদিয়ায় তৃণমূল অফিসে ভাঙচুর
Exit mobile version