Site icon Hindustan News Point

Trump’s threat over Strait of Hormuz: ‘হরমুজ না খুললে,বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেব’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা জবাব তেহরানের

Trump's threat over Strait of Hormuz

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। না হলে বড়সড় বিপদ ঘটবে। ইরানকে (Trump’s threat over Strait of Hormuz) সামরিক পদক্ষেপের কড়া হুঁশিয়ারি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই পোস্টের মাধ্যমে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রাণালী না খুললে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলির উপর হামলা চালানো হবে। পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে বিদ্যুৎ কেন্দ্রগুলিকে। ট্রাম্প লেখেন, ‘কোনওরকম হুমকি ছাড়াই যদি ইরান ঠিক এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দেয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ওদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে আঘাত হেনে সেগুলিকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেবে। যার শুরুটা হবে সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র দিয়ে।’

গোটা বিশ্বে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে হরমুজ প্রণালীর গুরুত্ব অত্যন্ত বেশি। বিশ্বের ব্যবহৃত জ্বালানির একটা বড় অংশ এই পথ দিয়েই বিভিন্ন দেশে পৌঁছয়। ফলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার প্রভাব ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে পড়েছে। আমেরিকা ও ইজরায়েলের হামলার জবাবে প্রণালী বন্ধ করে দেওয়ার পর থেকেই জ্বালানির তীব্র সঙ্কটে ভুগছে গোটা বিশ্ব। যার দরুণ দাম বেড়েছে জ্বালানী তেলের। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন দেশ নিজেদের জরুরি মজুত থেকে তেল বাজারে ছাড়তে শুরু করেছে। শুক্রবার ট্রাম্প প্রশাসন ইরানের তেলের উপর জারি থাকা নিষেধাজ্ঞাও এক মাসের জন্য শিথিল করেছে। পাশাপাশি হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

আমেরিকা, ফ্রান্স, ইতালি, জার্মানি, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরশাহি সহ বিভিন্ন দেশ ইরানের হরমুজ প্রণালী বন্ধ রাখায় তীব্র নিন্দা জানিয়েছেন। তবে আমেরিকার প্রেসিডেন্টের কড় হুঁশিয়ারির জবাব দিয়েছে তেহেরান। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ-বাগের গালিবফ সতর্ক করে বলেছেন, “হরমুজ প্রণালী যুদ্ধ চলাকালীন এইমুহূর্তে কখনই তার পূর্ববর্তী অবস্থায় ফিরে আসবে না।”

অন্যদিকে একটি রিপোর্টে দাবি করা হয় যে গত সপ্তাহে জ্বালানি-ভরতি একটি ভারতীয় ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী (Trump’s threat over Strait of Hormuz) পেরোতে সাহায্য করেছিল ইরানের নৌসেনা। সূত্র মারধফ সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে দাবি করা হয়, নয়াদিল্লি এবং তেহরানের মধ্যে কূটনৈতিক স্তরে আলোচনার পর একটি পূর্ব-নির্ধারিত পথ দিয়ে ভারতের এলপিজি জাহাজ হরমুজ প্রণালী পেরিয়ে যেতে দেওয়া হয়। আর এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবিতে ইরানকে কড়া বার্তা দিলেন ট্রাম্প।


Exit mobile version