হাতির হানায় এক গ্রামবাসীর মৃত্যু। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়ার জয়পুর রেঞ্জের রাউৎখণ্ড, জামডিগরি ও কলাবনি গ্রামে। দলছুট দাঁতালকে বাগে আনতে নাকাল বন দফতরের কর্মীরা। (Tusker Attack)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে কোনওভাবে জয়পুর রেঞ্জের রাউৎখণ্ড গ্রামে ঢুকে পড়ে একটি দলছুট দাঁতাল। গ্রামে ঢুকেই তাণ্ডব শুরু করে সেটি। পাথরপাড়া এলাকায় একের পর এক ঘরে ঢুকে ভাঙচুর চালায়। খাবারের খোঁজে দরজা-জানালা ভেঙে ফেলা, দেওয়াল গুঁড়িয়ে দেওয়া থেকে শুরু করে ঘরের আসবাবপত্র তছনছ করে দেয় দাঁতালটি। আচমকা এমন হামলায় দিশেহারা হয়ে পড়েন বাসিন্দারা। চোখে ঘুম নিয়েই প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে ছুটতে থাকেন অনেকে। (Tusker Attack)
স্থানীয় বাসিন্দাদের দাবি, দাঁতালের আক্রমণে নিজের বাড়িতেই মারা যান বিজয় কোলে নামে এক বাসিন্দা। জখম হয়েছেন গ্রামেরই আরও ছয় জন। জখমদের জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকেরা তাঁদের শারীরিক অবস্থার উপর নজর রাখছেন। বিজয় কোলের মৃত্যুতে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও তুলেছেন গ্রামবাসীরা। (Tusker Attack)
এদিকে রাউৎখণ্ডে তাণ্ডব চালানোর পর দাঁতালটি জামডিগরি হয়ে সটান কলাবনি গ্রাম সংলগ্ন এলাকায় হাজির হয়। হাতিটির অস্বাভাবিক আক্রমণের মুখে পড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ অঞ্চলে। হাতিকে দেখে ছোটাছুটি শুরু করেন গ্রামবাসীরা। অনেকে নিরাপদ দূরত্বে সরে যান, কেউ কেউ আবার বাড়ির বাইরে দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। (Tusker Attack)
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা। হাতিটিকে বাগে আনার চেষ্টা শুরু হয়। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। (Tusker Attack)

