রাজ্যের সমস্ত সরকারি ও সরকার-পোষিত স্কুলে এবার থেকে সকালবেলার অ্যাসেম্বলি বা প্রার্থনায় বাধ্যতামূলকভাবে গাওয়া হবে ভারতের জাতীয় গান ‘বন্দে মাতরম’ (Vande Mataram)। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের তরফে জারি হওয়া এক সরকারি নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে অবিলম্বে। বৃহস্পতিবার প্রকাশ্যে আসে সেই নির্দেশিকা, যা ইতিমধ্যেই রাজ্য জুড়ে শিক্ষা মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
বিকাশ ভবনের প্রশাসনিক শাখা থেকে জারি হওয়া এই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, “পূর্ববর্তী সমস্ত নির্দেশ ও প্রচলিত রীতিনীতি বাতিল করে, পঠনপাঠন শুরু হওয়ার আগে স্কুল অ্যাসেম্বলি বা প্রার্থনার সময় (Vande Mataram) ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হলো।” নির্দেশে আরও উল্লেখ করা হয়েছে, এটি স্কুল শিক্ষা দপ্তরের অধীনে থাকা রাজ্যের সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রেই প্রযোজ্য এবং তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
১৪ মে ২০২৬ তারিখে জারি হওয়া এই সরকারি আদেশে স্বাক্ষর করেছেন পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্যসচিব। নোটিসটি পাঠানো হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও শিক্ষা সংক্রান্ত দপ্তরে। তালিকায় রয়েছেন স্কুল শিক্ষা কমিশনার, মধ্যশিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ, জেলাশাসক, জেলা বিদ্যালয় পরিদর্শক, জেলা শিক্ষা আধিকারিক থেকে শুরু করে সমস্ত জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলের আধিকারিকরাও। অর্থাৎ রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রায় প্রতিটি স্তরকে এই নির্দেশ বাস্তবায়নের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
রাজনৈতিক মহলেও এই নির্দেশ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে এই সরকারি নির্দেশ তুলে ধরে বিষয়টিকে সামনে আনেন। এরপরই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল বাড়তে শুরু করে।
শিক্ষামহলের একাংশের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে স্কুল স্তর থেকেই জাতীয় চেতনা, দেশপ্রেম এবং সাংবিধানিক মূল্যবোধকে আরও জোরদার করার চেষ্টা করছে সরকার। (Vande Mataram) ‘বন্দে মাতরম’ শুধু একটি গান নয়, ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি ঐতিহাসিক আবেগও বটে। তাই প্রতিদিন স্কুলে এই গান (Vande Mataram) গাওয়া পড়ুয়াদের মধ্যে দেশের ইতিহাস ও সংস্কৃতির প্রতি সংযোগ আরও দৃঢ় করতে পারে বলেই মনে করছেন অনেকেই।
তবে এই সিদ্ধান্তের সামাজিক ও রাজনৈতিক প্রভাব নিয়েও ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। কারণ, স্কুলের দৈনন্দিন প্রার্থনায় বাধ্যতামূলকভাবে জাতীয় গান অন্তর্ভুক্ত হওয়া রাজ্যের শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশে একটি বড় পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে।
জঞ্জালের ছবি তুলে পাঠালেই অ্যাকশন, বড় সিদ্ধান্ত মন্ত্রী অগ্নিমিত্রা পালের: Vande Mataram: স্কুলের প্রার্থনায় এবার বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’, নতুন নির্দেশ পশ্চিমবঙ্গ সরকারের
