কয়েকদিন ভালোই বৃষ্টি হয়েছে বঙ্গে। বিকেল বা সন্ধ্যের দিকে ঝড়সহ বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় (Weather 14 May)। সেই সঙ্গে বেশ গরমও পড়েছে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।
আজ, বৃহস্পতিবার, বীরভূম ও মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে এ দিন ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইতে পারে এই দুই জেলায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
গরমের জেরে স্কুল বন্ধের মেয়াদ বৃদ্ধি, ১ জুন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
আগামী মঙ্গলবার অর্থাৎ ১৯ মে পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। যদিও নতুন করে আর কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি।
আজ ভিজতে পারে শহর কলকাতা। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে শহরে। এমন পরিস্থিতি শহর কলকাতায় আরও কিছুদিন চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এই কয়েকটা দিন কলকাতায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
অন্যদিকে দক্ষিণবঙ্গের উল্টো চিত্র দেখা যাবে উত্তরবঙ্গে। উত্তরের বিভিন্ন জেলায় প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ওই সব জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টা ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। তবে শুধু এই তিন জেলা নয়, এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

