Site icon Hindustan News Point

Weather 17 March 2026: ফের ধেয়ে আসছে কালবৈশাখী? কী বলছে আবহাওয়া?

weather 17 march 2026

বছরের প্রথম কালবৈশাখীর স্বাদ পেল কলকাতা (weather 17 march 2026)। সোমবার রাত প্রায় সোয়া ন’টা নাগাদ ঘণ্টায় প্রায় ৭২ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে কালবৈশাখী আছড়ে পড়ে শহরে। যদিও ঝড়টির স্থায়িত্ব ছিল মাত্র দুই মিনিট, তবুও দমকা হাওয়া ও শিলাবৃষ্টির দাপটে কিছুক্ষণের জন্য বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। যা ভ্যাপসা গরম থেকে স্বস্তি দিয়েছে বাংলাকে।

গত কয়েক দিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছিল। তবে কলকাতা ও সংলগ্ন এলাকাগুলি তুলনামূলকভাবে শুকনো ছিল। সোমবার সন্ধ্যায় সেই অপেক্ষার অবসান ঘটে। ঝড়-বৃষ্টির জেরে দিনের অস্বস্তিকর গরম থেকে কিছুটা স্বস্তিও পেয়েছে শহরবাসী।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গেও আবহাওয়া অস্থির থাকার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে শ্রীলঙ্কার উত্তর উপকূল হয়ে কোমোরিন অঞ্চল পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩.১ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। যদিও স্থলভাগে বড় ধরনের কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হয়নি।

ঝড়ের দাপটে তছনছ পুরাতন মালদা, উপড়ে পড়ল গাছ, গাছের ডাল টোটোর উপর ভেঙে পড়ে আহত ২

মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

১৮ মার্চ পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে।

১৯ থেকে ২১ মার্চের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০ মার্চ ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ২১ মার্চ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও আপাতত আবহাওয়ার অস্থিরতা বজায় থাকবে। ১৭ ও ১৮ মার্চ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৯ থেকে ২১ মার্চের মধ্যে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। ২২ মার্চও কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.০২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন ৪৭ শতাংশ এবং সর্বোচ্চ ৭৮ শতাংশ।

মঙ্গলবার শহরে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বিকেল বা রাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।


Exit mobile version