Site icon Hindustan News Point

Weather 18 March: চৈত্রের রাজ্যে মনোরম পরিবেশ, কতদিন চলবে বৃষ্টি?

weather 18 March Rickshaw puller walking in rain

দক্ষিণবঙ্গে বসন্তের আবহের মধ্যেই বদলে যাচ্ছে আবহাওয়ার চরিত্র। সকালে হালকা মেঘলা আকাশ, কোথাও কোথাও রোদের ঝলকানি—সব মিলিয়ে দিন শুরু হচ্ছে বেশ মনোরম পরিবেশে (Weather 18 March)। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ও আর্দ্রতার প্রভাবে ভ্যাপসা গরমের অস্বস্তি বাড়ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম। ফলে দিনের বেশিরভাগ সময়ই গরম ও আর্দ্রতার জোড়া প্রভাব অনুভূত হচ্ছে।

তবে সাম্প্রতিক ঝড়-বৃষ্টির দাপটে তাপমাত্রায় কিছুটা পতন ঘটেছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ ডিগ্রি কমে ১৮.০৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি কম ছিল। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় ভ্যাপসা আবহাওয়া বজায় রয়েছে।

বঙ্কিমচন্দ্রে চট্টোপাধ্যায়ের উত্তরসূরি Sumitra Chattopadhyay, বিজেপি প্রার্থী, নৈহাটিতে শুরু প্রচার

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামী কয়েক দিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আজ দক্ষিণবঙ্গের নদিয়া, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, দুই মেদিনীপুর ও পুরুলিয়ায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।

আগামী ১৯ মার্চ কয়েকটি জেলায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকলেও ২০ ও ২১ মার্চ পরিস্থিতি আরও সক্রিয় হতে পারে। ওই সময় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

উত্তরবঙ্গেও একই রকম অস্থির আবহাওয়া বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী কয়েক দিন বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টিও হতে পারে।

সব মিলিয়ে, বসন্তের আমেজের মাঝেই রাজ্যজুড়ে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, যা গ্রীষ্মের আগমনীকে কিছুটা হলেও ধাক্কা দিচ্ছে।


Exit mobile version