এবার পারদ চড়বে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই স্বাভাবিকের চেয়ে নিচে থাকলেও তাপমাত্রার পারদ চড়ার পূর্বাভাস হাওয়া অফিসের (weather 26 February 2026)। পরিষ্কার আকাশ, গত দু’দিন নিম্নচাপের প্রভাবে ঠান্ডার হালকা আমেজ ভোর এবং রাতের দিকে। বেলায় রোদের তাপ যথেষ্ট। গরমও যথেষ্ট। বসন্তের এই সময় এটাই স্বাভাবিক আচরণ, বলছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া পরিবর্তনে জ্বর সর্দি কাশি জনজীবনে সঙ্গী হয়ে উঠেছে। সঙ্গে দোসর দূষণ। নিম্নচাপ সরলেও ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত।
গাঙ্গেয় বঙ্গের উপরেও রয়েছে উচ্চচাপযুক্ত ঘূর্ণাবর্ত। তার প্রভাব এ রাজ্যের আবহাওয়ার উপরে কতটা পড়বে, তা স্পষ্ট করেনি হাওয়া অফিস। আগামী চার দিন রাজ্যে তাপমাত্রার হেরফের হচ্ছে না। তার পরের তিন দিন তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত, এমনই পূর্বাভাস আবহবিদদের। নিম্নচাপ ঘূর্ণাবর্তের কারণে হালকা বৃষ্টি হয়েছে ঠিকই, তবে তার আর ইঙ্গিত নেই। আপাতত শুষ্ক আবহাওয়া বঙ্গের আকাশে।
পয়লা মার্চ থেকে প্রাক মরসুমের আবহনী শুরু। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলায় তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২১ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রির আশেপাশে থাকবে। কলকাতাতেও একই পরিস্থিতি। পারদ ইতিমধ্যে চড়তে শুরু করেছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের মতো বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই এবার পারদ চড়বে। উত্তরবঙ্গের ছবি সামান্য আলাদা। শীতের পরিস্থিতি বদলে উত্তরবঙ্গের সমতলেও পারদ চড়তে শুরু করেছে। সব মিলিয়ে দক্ষিণের তুলনায় সামান্য দেরি হলেও উত্তরবঙ্গেও পারদ চড়বে।
কলকাতা ও লাগোয়া অঞ্চলে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি নিচে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৩৮ শতাংশ। সর্বোচ্চ ৯১ শতাংশ।
আজ বৃহস্পতিবার দিনে পরিষ্কার আকাশ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং ১৯ ডিগ্রির আশপাশে থাকবে।

