Site icon Hindustan News Point

Weather: বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বঙ্গেই, কিন্তু তাপমাত্রা বৃদ্ধি নিয়ে কী বলছে হাওয়া অফিস?

Weather

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও এক-দু’টি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস। (Weather)

এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় দু-এক জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। এই কারণে সংশ্লিষ্ট জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার এক বা দুটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রপাতসহ ঝড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবার সম্ভাবনার রয়েছে বলে পূর্বাভাস।
যার জেরে সপ্তাহের শুরুতেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার প্রভাবে আবহাওয়ার আমেজ কিছুটা বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
রবিবার সকালে ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজেছে মহানগরীর রাজপথ। দিনের বেশিরভাগ সময়ই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ফলে তাপমাত্রা কিছুটা কমে শহরে স্বস্তিদায়ক আবহাওয়া অনুভূত হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে , সোমবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। দিনের শুরুতে হালকা মেঘলা আবহাওয়া থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে শহরের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন প্রায় ২৩ ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুরের হাওয়া অফিস।


Exit mobile version