Site icon Hindustan News Point

Weather Today Kolkata: মাঘেই শীতের ‘ছুটি’, কী বলছে হাওয়া অফিস?

weather today kolkata

মাঘ মাসের মাঝামাঝিতে জাঁকিয়ে ঠান্ডার বদলে যথেষ্ট উষ্ণ আবহাওয়া। এই ভোলবদলে শীতের অকাল বিদায় বলছে অনেকে (Weather Today Kolkata)। সময়ের আগেই বসন্তের আগমনী। বেলায় রোদের তাপ গায়ে লাগছে। গত ৩৭ দিন শীত যেভাবে পুরো রাজ্যের উপর জাঁকিয়ে ছিল, তা গত কয়েকদিনে ঠান্ডার গতিপ্রকৃতি দেখে মালুম করা যায় না।

শীতের এই ভোলবদলের জন্য আবহাওয়াবিদরা ঝঞ্ঝা কাঁটাকেই দায়ী করেছেন। চলতি শীতে একদিনের জন্যও বৃষ্টি হয়নি। নিম্নচাপের ইঙ্গিত মেলেনি। এমনকী পশ্চিমী ঝঞ্ঝা উত্তুরে বাতাসের অবাধ প্রবেশে পথ আটকায়নি। এখন যা এতদিন হয়নি সেটাই হচ্ছে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। উত্তর-পশ্চিম ভারতে জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় নতুন করে পশ্চিম ঝঞ্ঝা ঢুকেছে। শুক্রবার ৩০ জানুয়ারি নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে। দক্ষিণ পাঞ্জাবের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা দক্ষিণ-পশ্চিম রাজস্থান পর্যন্ত বিস্তৃত। ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জেরে বাংলায় উত্তরে হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে।

ঠান্ডার দাপট কমলেও কুয়াশার দাপট যথেষ্ট। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের ৭ জেলায় কুয়াশার দাপট থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলাতে কুয়াশার দাপট। বাদ যাবে না কলকাতা। ভোর এবং সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।

তবে আগামী এক সপ্তাহ রাজ্যজুড়ে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে শীতের কামড় এখনও বেশি। তবে ওখানেও সর্বনিম্ন তাপমাত্রার পারদ চড়ছে। ওপরের পাঁচটি জেলাকে বাদ দিলে সমতলের তিন জেলায় পারদ চড়েছে। কুয়াশার দাপট গোটা উত্তরবঙ্গ জুড়ে। দার্জিলিং এবং কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা । মঙ্গলবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল কল্যাণী, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলের শীতলতম স্থান কোচবিহার, সর্বনিম্ন তাপমাত্রা ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.০৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.০৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯০ শতাংশ সর্বনিম্ন ৪৭ শতাংশ। আজ বুধবার দিনের আকাশ পরিষ্কার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি এবং ১৬ ডিগ্রির আশপাশে থাকবে।


Exit mobile version