Site icon Hindustan News Point

Weather Update: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, কী বলছে পূর্বাভাস?

Weather Update

চলতি সপ্তাহে রাজস্থান থেকে উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা এবং উত্তরবঙ্গের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে বদলাতে চলেছে রাজ্যের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর বলছে, এই অক্ষরেখা মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। ফলে চলতি সপ্তাহেই উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বৃহস্পতিবার পর্যন্ত একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে সোমবারের পর থেকেই ধীরে ধীরে কমবে বৃষ্টির সম্ভাবনা। বাড়বে তাপমাত্রা এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে অস্বস্তিও বাড়বে। (Weather Update)

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়াও বাকি জেলাগুলিতেও কোথাও কোথাও হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এর ফলে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি?

সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকবে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তন শুরু হবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। (Weather Update)

বুধবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির আশঙ্কা সবচেয়ে বেশি। শুক্রবার থেকে উত্তরবঙ্গে ধীরে ধীরে কমতে পারে ঝড়-বৃষ্টির দাপট। আগামী কয়েক দিনের মধ্যে উত্তরবঙ্গেও তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

Hantavirus: হান্টাভাইরাস আতঙ্কে ৪২ দিনের কোয়ারেন্টাইন, বিশ্ব জুড়ে কড়া নজর

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

কলকাতায় সোমবার সকালে তাপমাত্রা স্বাভাবিকের নীচেই ছিল। সকালে আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকলেও দিনের দিকে আংশিক মেঘলা আকাশ দেখা যায়। দুপুর থেকে রোদের তেজ এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকায় দুপুরের পর থেকে গরম ও অস্বস্তি অনুভূত হবে।

আজও শহরে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। তবে মঙ্গলবার থেকে কলকাতাতেও বাড়বে তাপমাত্রা। আগামী কয়েক দিনের মধ্যে শহরের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে স্বাভাবিকের নিচে থাকা তাপমাত্রা ধীরে ধীরে স্বাভাবিকের কাছাকাছি বা কিছুটা উপরে উঠে যেতে পারে। (Weather Update)

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৯ থেকে ৯২ শতাংশের মধ্যে।


Exit mobile version