এখন আর বিদায়ী শীতের হালকা শিরশিরানিও নেই বঙ্গের বাতাসে। দুয়ারে বসন্ত, তবে রোদের তেজে গ্রীষ্মের ছাপ। সকাল থেকেই রোদের তাপ বাড়ছে। বেলায় যথেষ্ট গায়ে লাগছে। কয়েকদিন আগেও সূর্য ডোবার পরে যে হালকা শীতের অনুভূতি পাওয়া যাচ্ছিল সেটাও কার্যত উধাও।
আলিপুর আবহাওয়া দপ্তর বলছে শীত বিদায় নিয়েছে। আপাতত শুষ্ক আবহাওয়া। বাংলা জুড়েই রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেড়ে যাবে। এরফলে আগামী দুইদিনে তা স্বাভাবিকে চলে আসবে। সপ্তাহের বাকি দিনগুলোতে আর তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। স্বাভাবিক বা স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। অর্থাৎ সপ্তাহান্তে উধাত্ত শীত,গরমের ইনিংস শুরু। Weather Update
যদিও উত্তরবঙ্গে হালকা শীতের আমেজ রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ১২থেকে ১৫ ডিগ্রীর মধ্যে ঘোরাফেরা করছে। সেখানেও পারদ চড়বে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। ধীরে ধীরে তা চড়বে। যেসব জায়গায় পারদ স্বাভাবিকের নিচে রয়েছে আগামী কয়েকদিনে তা স্বাভাবিক হবে। কুয়াশার কোনও সতর্ক বার্তা নেই। উত্তরবঙ্গের কয়েকটি জেলার এক বা দু’জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে।
কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে মূলত পরিস্কার আকাশ থাকবে। সর্বনিম্ন তাপমাত্র কিছুটা বেড়ে ১৬ থেকে ১৭ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। পরবর্তী দিনগুলোতে পারদ চড়ে ১৯ ডিগ্রিতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে। সকালের পরিস্কার আকাশই থাকবে।
পশ্চিমীঝঞ্জার প্রভাব আর নেই। উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা ঠাণ্ডা বাতাসের প্রভাব কম বলেই মাঘ মাস জুড়েই শীতের দাপট দেখা যায়নি। দিন যত গড়িয়েছে শীতের দাপট বাড়ার চেয়ে ক্ষীন হয়েছে। আগামীকাল থেকে শুরু বসন্তকাল। অথচ পৌষের মাসে কনকনে ঠাণ্ডা দেখে মনে হয়েছিল শীত মাঘেও দীর্ঘায়ত ইনিংস খেলবে। বাস্তবে দেখা গেল উলটো পরিস্থিতি।
উত্তরবঙ্গের পাহাড়ী অঞ্চলে যাও বা শীত পাওয়া গিয়েছে সমতলে কিংবা দক্ষিণবঙ্গে মাঘের শীত মেলেনি। ফলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকই শীত কার্যত বিদায়ের পথ ধরেছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান সিউড়ি,সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলের শীতলতম স্থান মাঝিয়ান, সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের পাহাড়ী অঞ্চলে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৪.৬ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে বৃহস্পতিবার ১৬.৯ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি নীচে। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৮৩ শতাংশ সর্বনিম্ন ৩৬ শতাংশ। Weather Update
আজ শুক্রবার দিনের আকাশ পরিস্কার, বেলায় বাড়বে রোদের তেজ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৯ ডিগ্রি এবং ১৭ ডিগ্রির আশেপাশেই থাকবে।

