দক্ষিণবঙ্গে আপাতত বড়সড় দুর্যোগের সম্ভাবনা না থাকলেও আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস (Weather Update) দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টির মাঝেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী সপ্তাহ জুড়ে দফায় দফায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাহাড় ও ডুয়ার্সের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে মূলত গরম ও অস্বস্তিকর আবহাওয়াই বজায় থাকবে। মাঝেমধ্যে স্থানীয়ভাবে স্বল্পস্থায়ী বৃষ্টিপাত হলেও তা সর্বত্র হবে না।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক অনেকটাই বেশি। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড় ও ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায়। মালদা ও দুই দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী ১৮ ও ১৯ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে ২০ তারিখ থেকে ফের বৃষ্টির দাপট বাড়বে। (Weather Update) বিশেষ করে ২১ থেকে ২৩ তারিখের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কয়েকটি এলাকায় আবারও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
দক্ষিণবঙ্গ
দক্ষিণবঙ্গে আগামী তিনদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে। আজ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। পরবর্তী দু’দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টি হলেও বেশিরভাগ সময় শুষ্ক ও গরম আবহাওয়া থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও বাড়বে। (Weather Update) পশ্চিমের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
কলকাতা
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আজ সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে তা স্বল্পস্থায়ী হওয়ার সম্ভাবনাই বেশি। আগামী দু’দিনও শহরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি না হওয়ায় গরমের অস্বস্তি থেকেই যাবে। কলকাতায় আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। (Weather Update) আর্দ্রতার মাত্রা বেশি থাকায় অনুভূত তাপমাত্রা আরও বেশি হতে পারে বলে জানিয়েছেন আবহবিদ।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বড় অংশেই শুষ্ক ও ভ্যাপসা গরমের পরিস্থিতি বজায় থাকবে। মাঝে মধ্যে স্থানীয়ভাবে মেঘ জমে স্বল্পস্থায়ী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
পার্ক সার্কাসে বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র, অবরোধ তুলতে লাঠিচার্জ পুলিশের: Weather Update: উত্তরবঙ্গে ফের ভারী বর্ষণের সতর্কতা, স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গে?
