Site icon Hindustan News Point

আন্দামানে ঢুকল মৌসুমি বায়ু,উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, এবার কি বাংলায় বর্ষার কাউন্টডাউন শুরু?

Weather Update

রাজ্যে বর্ষা প্রবেশের আগে আবহাওয়ার বড় বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। (Weather Update) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই মৌসুমি বায়ু প্রবেশ করেছে। পাশাপাশি আন্দামান সাগরের বিস্তীর্ণ অংশেও বর্ষার অগ্রগতি স্পষ্ট। আবহাওয়াবিদদের মতে, আগামী দু’-তিন দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরব সাগরের কিছু অংশ, কোমোরিন এলাকা এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু অংশে প্রবেশ করতে পারে। ভারতের মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ মে কেরালায় বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে। (Weather Update) বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামিকাল থেকেই উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এছাড়া মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গ

অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন গরম ও ভ্যাপসা অস্বস্তি আরও বাড়বে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলি— পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। যদিও আনুষ্ঠানিক তাপপ্রবাহের সতর্কতা জারি হয়নি, তবুও ‘হট অ্যান্ড হিউমিড’ পরিস্থিতির জন্য সতর্ক করেছে আবহাওয়া অফিস। (Weather Update) তবে এর মাঝেই আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টিপাত খুব বিস্তীর্ণ এলাকাজুড়ে হবে না, বরং বিচ্ছিন্নভাবেই ঘটবে।

কলকাতা

কলকাতায় আজ দুপুরের পর কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। এর ফলে কোথাও কোথাও সাময়িক স্বস্তি মিললেও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় রয়েছে। শহরে আগামী দু’দিন আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বিকেল বা সন্ধ্যার দিকে বজ্র বিদুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update) কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে থাকলেও ‘ফিল লাইক’ তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি অনুভূত হতে পারে। উপকূলীয় জেলাগুলিতেও একই পরিস্থিতি থাকবে। আবহাওয়া দপ্তরের মতে, কোথাও বৃষ্টি হলে সাময়িকভাবে তাপমাত্রা কমবে, কিন্তু সামগ্রিকভাবে আগামী তিন থেকে পাঁচ দিন গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সাধারণত উত্তরবঙ্গে ৩ থেকে ৬ জুনের মধ্যে পৌঁছে যায়। এরপর দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে ১০ থেকে ১২ জুনের মধ্যে। তবে এ বছর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমি বায়ুর আগমন স্বাভাবিক সময়ের কিছুটা আগেই হয়েছে, ফলে বর্ষার অগ্রগতির দিকে এখন নজর আবহাওয়াবিদদের।


Exit mobile version