শুক্রবার সরস্বতী পুজোর দিন মাঘের শুরুতে হালকা শীতের আমেজ ফিরেছিল রাজ্যে। রাতেও মৃদু ঠান্ডা অনুভূত হয়। যদিও চলতি বছরে পৌষ মাস জুড়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কনকনে শীতের দাপট ছিল। মাঘে সেই প্রত্যাশিত ‘বাঘের শীত’ আর তেমনভাবে ধরা দেয়নি। বরং দক্ষিণবঙ্গে শীতের বিদায়ের ইঙ্গিতই ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। (Weather Update)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্য জুড়ে আবহাওয়া বেশির ভাগ ক্ষেত্রেই শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। ভোর ও সকালের দিকে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। যার ফলে কোথাও কোথাও দৃশ্যমানতায় সমস্যা হওয়ার আশঙ্কা। শুক্রবার দক্ষিণবঙ্গের কোথাও পারদ ১০ ডিগ্রির নীচে নামেনি। দক্ষিণবঙ্গের শীতলতম স্থান কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলে পুণ্ডিবাড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ১০.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের আকাশ বেশির ভাগ সময় পরিষ্কার থাকার সম্ভাবনা, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৫ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। (Weather Update)
পরবর্তী কয়েক দিনে উত্তরবঙ্গে কুয়াশার প্রভাব কিছুটা বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। শনিবার দার্জিলিং ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা হতে পারে। রবিবার ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সাত দিনে দুইবঙ্গের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে শীত বিদায়ের বার্তা মিললেও উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় শীত দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। (Weather Update)
শীত বিদায় বা প্রত্যাবর্তন নিয়ে এখনও নির্দিষ্ট কোনও পূর্বাভাস নেই। (Weather Update)

