দক্ষিণবঙ্গে অনেক বছর পর এমন জমাটি শীত পড়েছে এবং আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই ঠান্ডার আমেজ ১২ জানুয়ারি পর্যন্ত বজায় থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আজ ৮ জানুয়ারি, সর্বনিম্ন তাপমাত্রা ১২°C-এর আশেপাশে রয়েছে যা স্বাভাবিকের তুলনায় বেশ কম। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২২°C তবে উত্তুরে হাওয়ার দাপটে দিনভর শীতের অনুভূতি তীব্র থাকছে। (WEATHER UPDATE)
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না, তবে শুক্রবার থেকে পারদ সামান্য চড়তে পারে। বীরভূম ও পশ্চিম বর্ধমানে আজ এবং আগামীকাল শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও নদীয়ায় ‘শীতল দিন’ বা কোল্ড ডে পরিস্থিতি বজায় থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ থেকে ৫ ডিগ্রি কম থাকায় পিকনিকের মেজাজ জমে উঠলেও সাধারণ জনজীবনে ঠান্ডার প্রকোপ বেশ অনুভূত হচ্ছে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আবহাওয়া শুষ্ক থাকবে। তবে কুয়াশা নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে; বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসার তীব্র সম্ভাবনা রয়েছে। (WEATHER UPDATE)
অন্যদিকে উত্তরবঙ্গের আট জেলাতেই ঘন কুয়াশার দাপট থাকবে এবং সেখানে সর্বনিম্ন তাপমাত্রা আরও ৩ ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়িতে শীতল দিনের পরিস্থিতি বজায় থাকবে এবং দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, যা শীতের আমেজকে আরও বাড়িয়ে তুলেছে।(WEATHER UPDATE)

