রাজ্যজুড়ে ইতিমধ্যে প্রাক বর্ষার আবহ তৈরি হয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। একই সঙ্গে চলবে দমকা ঝোড়ো হাওয়াও। তবে কি এবার বঙ্গে প্রবেশ করছে বর্ষা?
বর্তমানে উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে বাংলাদেশ ও সংলগ্ন উত্তরবঙ্গের উপর থাকা ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে শক্তি হারাচ্ছে। এই আবহাওয়া পরিস্থিতির প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যেই কেরল অতিক্রম করে কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশে প্রবেশ করেছে। আবহাওয়াবিদদের মতে, আগামী দু’দিনের মধ্যেই মৌসুমি বায়ু উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও পৌঁছে যাবে। ফলে দেশের মূল ভূখণ্ডে বর্ষার আগমন শুরু হয়ে গিয়েছে। (Weather Update)
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী কয়েক দিন উত্তরবঙ্গের পাঁচটি পার্বত্য এলাকা ও ডুয়ার্সের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির বিরতিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বিভিন্ন জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার, কোথাও কোথাও ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। (Weather Update)
বৃষ্টি নেই, গরমের থেকে এখনই নিস্তার নয় দক্ষিণবঙ্গে, উত্তরে ভালো বৃষ্টির সম্ভাবনা
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে এই প্রবণতা আরও বাড়বে বলেই পূর্বাভাস হওয়া অফিসের।
আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বুধবার থেকে শহরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। (Weather Update)
গতকাল শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৯ থেকে ৯৮ শতাংশের মধ্যে। গত ২৪ ঘণ্টায় শহরে সামান্য বৃষ্টিপাতও হয়েছে।

