রাজ্যের আবহাওয়ায় ফের বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। উত্তরে পাহাড়ি এলাকায় তৈরি হওয়া ঘূর্ণবাত এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবণতা অনেকটাই বাড়বে, জানাল হওয়া অফিস। অন্যদিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকায় বাড়বে অস্বস্তিকর গরম।
এদিকে সোমবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ ছিল আংশিক মেঘলা। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছে। দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির জেরে শহরের একাধিক এলাকায় সাময়িক ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও তাপমাত্রা কিছুটা কম থাকায় মিলেছে সাময়িক স্বস্তি। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের সতর্কও করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। (Weather Update)
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আগামী তিনদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিও হতে পারে। বিশেষ করে নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা থাকবে ৩৬ থেকে ৩৭ ডিগ্রির আশপাশে। যদিও আগামী দু-দিন শহর ও সংলগ্ন অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক বেশি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (Weather Update)
এর পাশাপাশি একাধিক জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও, আগামী ২০ তারিখ থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস। ২১ থেকে ২৩ তারিখের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে।
Jahangir Khan: ‘সিঙ্ঘম’ বনাম ‘পুষ্পা’ বিতর্কের মাঝেই হাইকোর্টে জাহাঙ্গির, ভোটের আগে ফের চর্চায় ফলতা
কলকাতার আবহাওয়া
সপ্তাহের প্রথম দিন সোমবার সকাল থেকেই কলকাতার আকাশে ছিল চড়া রোদ ও অস্বস্তিকর গরম। যদিও দিনের বিভিন্ন সময়ে মেঘ জমে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছে শহরের একাধিক এলাকায়। আবহাওয়া দফতর জানিয়েছে, আকাশ আংশিক থেকে মেঘলা থাকবে।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের সমান। তাপমাত্রা কিছুটা বাড়লেও আগামী দু-দিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। (Weather Update)
ইতিমধ্যে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করেছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কেরালায় আগামী ২৬ থেকে ২৭ মে এর মধ্যেই বর্ষা ঢুকে যাবে। আর তারপরই ধাপে ধাপে এ রাজ্যেও প্রবেশ করবে বর্ষা।

