উত্তর ২৪ পরগনার বসিরহাটের আগে ভ্যাবলা স্টেশনে ম্যাটাডরের ধাক্কায় রেলগেট ভেঙে পড়ায় বৃহস্পতিবার সকালে ব্যাপক বিঘ্ন ঘটে হাসনাবাদ–শিয়ালদহ লাইনের ট্রেন চলাচলে। সকাল প্রায় ৭টা ২০ নাগাদ স্টেশন সংলগ্ন রেলগেটে একটি ৪০৭ ম্যাটাডর সজোরে ধাক্কা মারে। গেটটি ভেঙে হাই টেনশন তারের উপর গিয়ে পড়ে। এর জেরে আপ ও ডাউন—দু’দিকের ট্রেনই একের পর এক স্টেশনে দাঁড়িয়ে যায়।
বিশেষ করে শিয়ালদহ–হাসনাবাদ ডাউন লোকাল দীর্ঘক্ষণ ভ্যাবলা স্টেশনে আটকে থাকে। প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। ইছামতী, হাসনাবাদ ও বারাসত লাইনের বিভিন্ন স্টেশনে যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। প্রতিটি স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে নিত্যযাত্রীদের মধ্যে।
এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষাও থাকায় আতঙ্কে পড়েন বহু পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা। সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। অনেকেই বিকল্প পরিবহনের খোঁজ করতে শুরু করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়ার ও কর্মীরা। তাঁরা দ্রুত মেরামতির কাজ শুরু করেন। পরে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে রেল সূত্রে জানা গিয়েছে। তবে রেলগেট মেরামতির কাজ চলায় কিছু সময় গাড়ি পারাপারেও সমস্যা হয়।
এই ঘটনার জেরে ব্যস্ত অফিসযাত্রী থেকে ছাত্রছাত্রী—সকলেই দুর্ভোগে পড়েন। স্থানীয় বাসিন্দাদের দাবি, রেলগেট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

