Site icon Hindustan News Point

West Bengal Assembly Election: রাস্তায় ফেলে লাঠি দিয়ে মার, বাসন্তীতে BJP প্রার্থীর প্রচারে হামলায় অভিযুক্ত তৃণমূল

West Bengal Assembly Election

বঙ্গে নির্বাচনে উত্তেজনার ছবিটা খুব পরিচিত। এবারের বিধানসভা নির্বাচনের আগেও এ রাজ্যের ছবিটা একটুও পাল্টায়নি। রোজই নিত্য নতুন ঝামেলা অশান্তির খবর মিলছে। বৃহস্পতিবারও একই ছবি দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। নির্বাচনের প্রাক্কালে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচারকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বাসন্তী বাজার এলাকা।

অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে প্রচার চলাকালীন বিজেপি প্রার্থীর উপর অতর্কিতে হামলা চালায় তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিজেপির দাবি, হামলাকারীরা মিছিল চলাকালীন হঠাৎ সেখানে ঢুকে পড়ে এবং ওই জায়গায় থাকা অন্তত দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে প্রশাসনের মদতেই নাকি এই হামলা চালানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশি উপস্থিত থাকলেও তারা কার্যত নিষ্ক্রিয় থাকায় সেই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে বলেও দাবি। (West Bengal Assembly Election)

এই ঘটনা প্রসঙ্গে বিজেপি প্রার্থী বিকাশ সর্দার বলেন, “তৃণমূল হারের ভয়ে এখন সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। পুলিশ সব দেখেও নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল।”

Jhargram Forest Fire: জ্বলছে জঙ্গলমহল, সরকারের উদাসীনতায় ক্ষুব্ধ গ্রামবাসীরা

যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। শাসকদলের পক্ষ থেকে এরকম কোনও হামলায় মদত দেওয়া হয়নি বলে জানানো হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশের দাবি, বিজেপির একটি নির্বাচনী প্রচার চলাকালীন হঠাৎ বাইক রাখা নিয়ে অশান্তি শুরু হয়। বাইক ভাঙচুরের ঘটনা ঘটে, পুলিশ বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপাতত ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। (West Bengal Assembly Election)


Exit mobile version