All India Trinamool Congress-এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষোভ উগরে দেওয়ার পর বড় পদক্ষেপ। রাতারাতি দল ছেড়ে Indian Secular Front (আইএসএফ)-এ যোগ দিয়ে প্রার্থী হওয়ায় বহিষ্কৃত হলেন দেগঙ্গার নেতা তথা উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সদস্য মফিদুল হক মিন্টু সাহাজি (West Bengal Assembly Election)।
রাজ্যে বিধানসভা ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সোমবার আইএসএফের প্রার্থীতালিকায় দেগঙ্গা কেন্দ্র থেকে মফিদুল হকের নাম প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি শাস্তিমূলক পদক্ষেপ নেয় তৃণমূল কংগ্রেস।
গত ১৭ মার্চ ২৯১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। দেগঙ্গা কেন্দ্র থেকে দলীয় প্রার্থী করা হয় ব্লক সভাপতি আনিসুর রহমান বিদেশকে। যদিও ওই আসনে মফিদুল হক মিন্টু সাহাজির নাম নিয়েও জল্পনা ছিল। কিন্তু টিকিট না পেয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় দলীয় প্রার্থী ও সংগঠনের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন। এমনকি এলাকার নির্বাচনী ফলাফল নিয়েও প্রশ্ন তোলেন তিনি, যা দ্রুত ভাইরাল হয়ে যায়।
ভাঙড়ে নওশাদ বনাম শওকত, ক্যানিং পূর্বে আরাবুল, ২৩ আসনে প্রার্থী ঘোষণা ISF-এর
এরপর থেকেই এলাকায় তাঁর নামে আইএসএফ প্রার্থী হিসেবে পোস্টার পড়তে শুরু করে, যা নিয়ে জল্পনা আরও জোরদার হয়। এ প্রসঙ্গে বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি কাকলি ঘোষ দস্তিদার জানান, বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও মিন্টু সাহাজির সঙ্গে যোগাযোগ করা যায়নি।
শেষ পর্যন্ত আইএসএফ প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করলে দেগঙ্গা কেন্দ্র থেকে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এরপরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে বহিষ্কার করা হয়। দলীয় চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করা হচ্ছে।
এই পুরো ঘটনা নিয়ে এখনও পর্যন্ত মফিদুল হক মিন্টু সাহাজির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

