Site icon Hindustan News Point

West Bengal Election 2026: ফলতায় EVM-এ BJP-র বোতামে টেপ! পুনর্নির্বাচনের ইঙ্গিত কমিশনের

West Bengal Election 2026.

পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার নির্বাচন (West Bengal Election 2026) ঘিরে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনা। সকাল থেকেই বিভিন্ন জেলায় ভোটগ্রহণকে কেন্দ্র করে ছোট-বড় বিক্ষিপ্ত ঘটনার খবর সামনে আসে। তার মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে ইভিএমে বিজেপি প্রার্থীর নামের পাশের বোতামের উপর টেপ লাগানো থাকার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ তুলে দাবি করেন, ফলতার একাধিক বুথে বিজেপিকে ভোট দেওয়ার অপশন কার্যত ‘ব্লক’ করে দেওয়া হয়েছিল। তিনি তাঁর পোস্টে লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যে ‘ডায়মন্ড হারবার মডেল’-এর পক্ষে কথা বলেছিলেন, ফলতায় সেই একই ছবি দেখা গেল। বিজেপিকে ভোট দেওয়ার অপশন টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।” একইসঙ্গে তিনি দাবি করেন, এই ধরনের ঘটনা ভোটারদের সাংবিধানিক অধিকার খর্ব করছে এবং সংশ্লিষ্ট বুথগুলিতে অবিলম্বে পুনর্নির্বাচন হওয়া উচিত।(West Bengal Election 2026)

অমিত মালব্য তাঁর পোস্টে ফলতা ১৪৪ নম্বর এলাকার পার্ট ১৭০-এর হরিণডাঙা হাই স্কুলের রুম নম্বর ২ এবং ১৮৯ নম্বর বুথের উল্লেখ করেন। তাঁর দাবি, শুধু এই বুথ নয়, আরও কয়েকটি জায়গাতেও একই ধরনের কারচুপির অভিযোগ উঠেছে।

এদিকে দেবীপুরের ১৭৭ নম্বর বুথেও বিজেপির প্রতীকের উপর কালো টেপ লাগানো ছিল বলে অভিযোগ ওঠে। বিজেপির দাবি, ভোট দিতে গিয়ে কর্মীদের নজরে আসে বিষয়টি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ফলতা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তাঁর উপস্থিতিতেই বিষয়টি প্রকাশ্যে আসে বলে দাবি দলের। এরপর বুথের বাইরে বিজেপি কর্মী-সমর্থকেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।
ঘটনার জেরে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। যদিও এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।(West Bengal Election 2026)

অন্যদিকে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, যেখানে যেখানে ইভিএমে কালো বা সাদা টেপ লাগানো পাওয়া যাবে, সেখানে পুনর্নির্বাচন করা হবে। কোনও বিধানসভা এলাকায় যদি একাধিক বুথে একই ঘটনা ঘটে থাকে, তাহলে পুরো বিধানসভা কেন্দ্রেই পুনর্নির্বাচনের বিষয়টি বিবেচনা করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

দ্বিতীয় দফার এই ভোটে এমন অভিযোগ সামনে আসায় রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ভোটের স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা, অন্যদিকে কমিশনের ভূমিকার দিকেও এখন নজর রাজ্যের রাজনৈতিক মহলের।

West Bengal Assembly Election 2026: সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার ৩৯.৯৭ শতাংশ, বেশি ভোট পড়লো কোথায়?: West Bengal Election 2026: ফলতায় EVM-এ BJP-র বোতামে টেপ! পুনর্নির্বাচনের ইঙ্গিত কমিশনের
Exit mobile version