দোল উৎসব পেরিয়ে গেলেও আবিরের বাজার কিন্তু এখনও জমজমাট। কারণ, সামনেই বিধানসভা ভোট। আবার বছর শেষে রয়েছে কলকাতা পৌরসভা নির্বাচন। সেই ভোটের উত্তাপই এখন রঙের বাজারে নতুন সমীকরণ তৈরি করছে।
বড়বাজারের খ্যাংরা পট্টির পাইকারি আবির ব্যবসায়ীদের কথায়, রাজনৈতিক ময়দানের মতোই এখানে রঙের লড়াই চলছে— আর সেই দৌড়ে আপাতত এগিয়ে সবুজ আবির, তার ঠিক পেছনেই গেরুয়া। তুলনায় অনেকটাই পিছিয়ে লাল।(West Bengal Election)
ব্যবসায়ীরা জানাচ্ছেন, প্রতি বছর দোলের আগে ও পরে আবিরের চাহিদা কিছুটা ওঠানামা করে। তবে এ বছর পরিস্থিতি আলাদা। সামনে নির্বাচন থাকায় আবিরের চাহিদা একেবারেই কমেনি, বরং নতুন করে বেড়েছে। রাজনৈতিক দলগুলির বিজয় মিছিল, প্রচার ও উদযাপনের জন্য বড় পরিমাণে আবির লাগে— আর সেই হিসেব কষেই এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। (West Bengal Election)
বড়বাজারের গুদামে বস্তা বস্তা করে মজুত হচ্ছে সবুজ আবির। ব্যবসায়ীদের অনুমান, যদি তৃণমূল কংগ্রেস জেতে, তাহলে সবুজ আবিরের চাহিদা আকাশ ছুঁতে পারে। তাই ঝুঁকি না নিয়ে আগাম স্টক বাড়িয়ে রাখা হচ্ছে। পাশাপাশি গেরুয়া আবিরের চাহিদাও কম নয়। বিজেপির সম্ভাব্য জয়ের কথা মাথায় রেখে সেই রঙের আবিরও ভালো পরিমাণে তোলা হচ্ছে। অন্যদিকে, লাল আবিরের উপস্থিতি থাকলেও তা অনেকটাই সীমিত। বাম শিবিরের রাজনৈতিক প্রভাব তুলনামূলকভাবে কম থাকায় ব্যবসায়ীরাও সেই অনুযায়ী মজুত রাখছেন। তবে তাঁরা এটাও মানছেন, ভোটের ফলাফল সব হিসেব উলটে দিতে পারে— তাই পুরোপুরি কোনও রঙকেই বাদ দিচ্ছেন না।(West Bengal Election)
সব মিলিয়ে, আবিরের বাজারে এখন স্পষ্ট ট্রেন্ড— সবুজ ও গেরুয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, আর লাল কিছুটা পিছিয়ে। ভোটের ফল প্রকাশের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রঙের বাজারের উত্তেজনা। এখন দেখার, ৪ মে ফল বেরোনোর পর কোন রঙে সত্যিই রেঙে ওঠে বাংলা।
West Bengal Election 2026: “জিততে হলে ঝাল মুড়ি খেতে হয়”, প্রধানমন্ত্রীকে খোঁচা বাবুলের: West Bengal Election: লাল গেরুয়াকে পিছনে ফেলে সবুজের দাপট – আবিরের বাজারে ভোটের আগাম ইঙ্গিত!
