Site icon Hindustan News Point

West Bengal Election Result: রাজ্যে বিক্ষিপ্ত অশান্তি, সোনারপুরে অটো ইউনিউয়ন দখল নিল বিজেপি

West Bengal Election Result

ভোটের ফল বেরনোর পর থেকেই জেলা থেকে শহরতলি বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যায়। দীর্ঘদিন ধরে তৃণমূলের শক্ত ঘাঁটি পানিহাটি, খড়দহ, নোয়াপাড়া, ব্যারাকপুর, কামারহাটি, বরাহনগরে তৃণমূলের একের পর এক পার্টি অফিস ভাঙচুর এবং দখলের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তবে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে অন্য ছবি (West Bengal Election Result)।

কোনও অশান্তি ছাড়াই সোনারপুর এলাকায় অটো, ট্যাক্সি ও টোটো ইউনিয়নের দখল নিয়েছে বিজেপি। এতদিন এই সমস্ত অটো, ট্যাক্সি ও টোটো ইউনিয়ন ছিল তৃণমূলের হাতে। রাজ্যে পালাবদল হয়েছে। পালাবদলের সঙ্গে সঙ্গে তৃণমূলের বিভিন্ন সংগঠনগুলির ইউনিয়নও বদল হচ্ছে। মঙ্গলবার সোনারপুরে কোনও বাধা বিঘ্ন ছাড়াই ইউনিয়ন দখল নেয় বিজেপি। কর্মীদের দাবি, তোলাবাজি বন্ধ করতেই এই পদক্ষেপ। তবে কোনও অশান্তি করেননি তারা। তাদের বক্তব্য, ‘সবার আগে মানুষ। মানুষের রুজি-রুটি রোজগারের লড়াই আমরা করছি। এখানে কোনও তোলাবাজি করা যাবে না।’

অন্যদিকে, সোনারপুর দক্ষিণে আম্বেদকর ভবন-সহ তৃণমূলের একাধিক পার্টি অফিস দখলে নেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত অশান্তির খবরও মিলেছে। অভিযোগ, বেশকিছু জায়গায় ভাঙচুর চালানো হয়েছে এবং আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পার্টি অফিসের বেশকিছু সামগ্রী। এলাকায় উত্তেজনা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় গোটা বিষয়টির দিকে নজর রেখেছে পুলিশ প্রশাসন।

সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, শিলিগুড়ি থেকে অশান্তির খবর এসেছে। বাদ যায়নি কলকাতাও।

রাতে বজবজে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের অফিসে একদল দুষ্কৃতী আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। রুবির মোড়ে তৃণমূলের একটি পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রুবির মোড়ে চলে ব্যাপক ভাঙচুর। বিজয়গড়ে টালিগঞ্জ উন্নয়ন পরিষদের যে অফিসে অরূপ বিশ্বাস বসেন, সেখানে ভাঙচুর চলে। ঠাকুরপুকুরে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর হয় বলেও অভিযোগ।


Exit mobile version