চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। ১৪২টি আসনে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। দ্বিতীয় দফায় ভোট হচ্ছে, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়াতেও। দ্বিতীয় দফার ভোট গ্রহণের শুরুর ছবিটা শান্তিপূর্ণ হলেও বেলা বাড়তে কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনাও চোখে পড়ল। (West Bengal Election)
ভোটের হার:
দুপুর ১ টা পর্যন্ত দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬১.১১ শতাংশ
বিভিন্ন জেলায় ভোটের হার কত?
হুগলিতে ভোট পড়েছে ৬৪.৫৭%, হাওড়ায় ৬০.৬৮%, কলকাতা উত্তরে ৬০.১৮%, কলকাতা দক্ষিণ ৫৭.৭৩%, নদিয়ায় ৬১.৪১%, উত্তর ২৪ পরগনায় ৫৯.২০%, দক্ষিণ ২৪ পরগনাতে ভোটের হার ৬৬.৮০% এবং পূর্ব বর্ধমানে ভোট পড়েছে ৫৮.৫৮%।
বিভিন্ন জেলায় ভোটের ছবিটা কেমন?
- সকালেই ভবানীপুরে মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়। যুযুধান দুই পক্ষের মধ্যে তখন প্রত্যক্ষ কোনও সংঘাত দেখা না গেলেও বেলা বাড়তেই কালীঘাটে শুভেন্দু অধিকারীকে ঘিরে স্লোগান-পাল্টা স্লোগানে ছড়ায় ব্যাপক উত্তেজনা। এই ঘটনায় কমিশনে অভিযোগ জানান ভবানীপুরের বিজেপি প্রার্থী।
- ফলতার ১৪৪ নং বুথের পার্ট ১৭০-এ হরিণডাঙ্গা হাই স্কুলের রুম নম্বর ২-এ ইভিএম-এ বিজেপি প্রতীকের পাশে বোতামে টেপ লাগিয়ে রাখার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার এই ফলটা কেন্দ্রেই এই দিন লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের মুখপাত্র অনির্বাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ফলতার বেলসিংহা গ্রামে সাধারণ ভোটার বিশেষত মহিলাদের উপরে নৃশংস ভাবে লাঠিচার্জ করছেন। নিরাপত্তা দেওয়ার নামে তাঁরা সাধারণ মানুষকে লাঠিপেটা করতে ছাড়ছেন না।’
- বাসন্তীতে বিজেপির প্রার্থী বিকাশ সর্দারের উপরে হামলা। প্রার্থীর গাড়ির কাচ ভাঙা হয়েছে বলেও জানানো হয়েছে। বাসন্তীর ৭৬ নম্বর বুথে বিজেপি প্রার্থী যখন এ দিন বুথ পরিদর্শনে গেলে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। (West Bengal Election)
- ভোটের সকালেই উত্তপ্ত হয়ে ওঠে আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত খানাকুল। ভুয়ো পোলিং এজেন্ট বসানোকে কেন্দ্র করে রাজহাটি-১ গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুরের ১৪৭ নম্বর বুথের সামনে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে, তা রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয় এবং বুথ চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
- এদিকে পানিহাটির বিজেপি প্রার্থী আর জি কর নির্যাতিতার মা রত্না দেবনাথকে ঘিরে বিক্ষোভ। অভিযোগ, বুধবার সকালে পানিহাটির ১৬৫ নম্বর বুথে ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে যান বিজেপি প্রার্থী সেই সময় তৃণমূলেরএকদল কর্মী-সমর্থক তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ক্রমাগত ‘গো ব্যাক’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়।
সব মিলিয়ে, দ্বিতীয় দফার শুরুটা মোটের ওপর শান্তিপূর্ণ হলেও বেলা বাড়তেই রাজ্যে বিভিন্ন প্রান্তে দেখা গেল কিছু বিক্ষিপ্ত উত্তেজনার ছবি। (West Bengal Election)

