Site icon Hindustan News Point

মিলবে গরম থেকে স্বস্তি, কবে থেকে বৃষ্টি? রইল আবহাওয়ার বড় আপডেট

Weather Update

জ্যৈষ্ঠের শুরু থেকেই তেজ দেখিয়েছে প্রখর গ্রীষ্ম। ভোর থেকে রাত পর্যন্ত দক্ষিণবঙ্গে গলদঘর্ম পরিস্থিতি। দিনের বেলায় রাস্তায় বেরনো দায় হয়ে যাচ্ছে। তবে এবার সুখবর শোনাল আবহাওয়া দফতর (Weather Update)। বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরম আর অস্বস্তিও কমবে বুধবার থেকে।

বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি ও বাঁকুড়া জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ঝড়বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায়। এই তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবারেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে।

বিহারে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, এই অক্ষরেখাটি ঝাড়খণ্ড এবং ওডিশার উপর দিয়ে গেছে। এর প্রভাবে রাজ্যে আগামী কদিন জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে।

বুধবার উত্তরবঙ্গে কমবে ঝড়-বৃষ্টির পরিমাণ। তবে সেদিন থেকে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়বৃষ্টি। বুধবার থেকে শনিবারের মধ্যে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির। এই ঝড়বৃষ্টির প্রভাবে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে তাপমাত্রা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার থেকে শনিবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে অনুমান।

দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবারের পর ভারী বৃষ্টির সতর্কতা নেই। ঝড়বৃষ্টির সম্ভাবনাও ক্রমশ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।


Exit mobile version