শহরের মহিলাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুই নয়া উদ্যোগ শুরু করল কলকাতা পুলিশ। ‘পিঙ্ক বুথ’ এবং অল-উইমেন পেট্রোলিং স্কোয়াড ‘শাইনিং’। লক্ষ্য একটাই, শহরের নারীরা যেন নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন এবং প্রয়োজনে তৎক্ষণাৎ সাহায্য পান। অফিসফেরত বা পথচলতি মহিলাদের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। (Women’s Safety Initiative)
প্রথম পর্যায়ে শহরের পাঁচটি ব্যস্ত মোড়ে চালু হচ্ছে পিঙ্ক বুথ। শ্যামবাজার পাঁচমাথার মোড়, উল্টোডাঙার হাডকো মোড়, কাঁকুড়গাছি, গড়িয়াহাট মোড় এবং বেহালা চৌরাস্তায় থাকছে ওই বুথ। সম্পূর্ণ মহিলা পুলিশ কর্মী পরিচালিত এই বুথে বিকেল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত পরিষেবা মিলবে। অভিযোগ জানানো, তাৎক্ষণিক সহায়তা বা প্রাথমিক চিকিৎসা—সবই পাওয়া যাবে এক জায়গায়। পাশাপাশি থাকবে এলাকার সিসিটিভি ফিড, ওয়্যারলেস, টেলিফোন এবং প্রয়োজনীয় যোগাযোগের তথ্য। (Women’s Safety Initiative)
একই সঙ্গে রাস্তায় নামছে পাঁচটি বিশেষ পেট্রোলিং গাড়ি, যার নাম ‘শাইনিং’। সম্পূর্ণ মহিলা অফিসার ও কর্মীদের নিয়ে গঠিত এই বাহিনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায়, বিশেষত ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস-সহ অফিসফেরত মহিলাদের ব্যবহৃত রুটে টহল দেবে। আপাতত রাত আটটা থেকে দু’টো পর্যন্ত পেট্রোলিংয়ের পরিকল্পনা রয়েছে। পরিস্থিতি অনুযায়ী সময় বদলানো যেতে পারে। কন্ট্রোল রুম থেকে গোটা ব্যবস্থার ওপর নজর রাখা হবে। (Women’s Safety Initiative)
এর আগে মোটরবাইক বাহিনী ‘উইনার্স’ চালু হয়েছিল। সেই ধারাতেই চারচাকা পেট্রোলিং স্কোয়াড ‘শাইনিং’। এই নামকরণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের বক্তব্য, শহরের প্রতিটি নারী যাতে দ্বিধাহীনভাবে নিজের সমস্যার কথা বলতে পারেন এবং রাতের শহরেও আত্মবিশ্বাস নিয়ে বাড়ি ফিরতে পারেন, সেই লক্ষ্যেই শুরু হল নতুন এই উদ্যোগ। ভবিষ্যতে বুথ ও পেট্রোলিং গাড়ির সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। (Women’s Safety Initiative)

