Site icon Hindustan News Point

Bolpur: পাগল সেজে ভিডিয়ো বানাতে গিয়ে বিপত্তি, ব্যবসায়ীদের হাতে আক্রান্ত যুবক

Youth beaten in Bolpur

ভাইরাল ভিডিয়োকে কেন্দ্র করে বোলপুরের জামবুনী বাসস্ট্যান্ড এলাকায় মারধরের অভিযোগ উঠেছে। ইলামবাজারের মরুন্ডি গ্রামের বাসিন্দা সঞ্জু শেখের দাবি, ফেসবুকের জন্য ভিডিয়ো শুট করতে গিয়েছিলেন তিনি, সেই সময়ে তাঁর উপর চড়াও হন কয়েকজন। রাস্তায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। (Bolpur)

সঞ্জুর কথায়, ভিডিয়ো শ্যুট করাকালীন বচসা বাধে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, স্থানীয় একটি রেস্তোরাঁ মালিক ও তাঁর সঙ্গীরা তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করেন। ঘটনায় তিনি অপমানিত ও আতঙ্কিত বলে জানিয়েছেন।

এই ঘটনার পরেই সামনে আসে এলাকার ব্যবসায়ীদের বক্তব্য। এক প্রত্যক্ষদর্শী দোকানদার বলেন, “একজন পাগল সেজে এসে প্রথমে এখানে শুয়ে পড়েছিল। তারপর হঠাৎ উঠে দোকান থেকে জিনিস তুলে খেতে শুরু করে, আবার ফেলতেও থাকে। সবাই ওকে পাগল ভেবেই মারতে যায়। যদি আগে বলত যে ভিডিয়ো করছে, তা হলে মার খেতে হত না।” তাঁর দাবি, বর্তমান বাজারে সবজির দাম অনেক। “একটা বেগুন ২০–২৫ টাকা, উচ্ছে ৫ টাকা। এ ভাবে নষ্ট করলে রাগ তো হবেই। ভিডিয়ো করতে হলে আগে বলতে হবে।” (Bolpur)

এলাকার এক ক্ষতিগ্রস্ত দোকানদারের কথায়, “হঠাৎ একটা ছেলে এসে কড়াইশুঁটি খেতে শুরু করে, শসা তুলে চেপেচুপে নষ্ট করছে। ভাবলাম পাগল। বললাম আর একটা শসা নিয়ে চলে যা। ধাক্কা দেওয়ার পরও যাচ্ছিল না, উল্টে মারতে আসছিল। তখন দু’জন এসে মারে।” তাঁর বক্তব্য, দোকানের ক্ষতি হলে প্রতিবাদ হওয়াই স্বাভাবিক।

যদিও অভিযুক্ত পক্ষের দাবি, ঘটনাটি ভুল বোঝাবুঝির ফল। ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তবে এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ ও পাল্টা দাবির মাঝে ঘটনার প্রকৃত রূপ স্পষ্ট নয়। (Bolpur)


Exit mobile version