রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছে বিজেপি সরকার। ইতিমধ্যেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, আগামী ১ জুন থেকেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে পাঠানো হবে। আর এবার বেকার যুবক-যুবতীদের জন্যও এল বড় খবর। বহুদিন ধরেই প্রশ্ন উঠছিল, প্রতিশ্রুতি অনুযায়ী ‘যুবশক্তি’ প্রকল্পের ৩০০০ টাকা কবে থেকে দেওয়া হবে এবং কীভাবে আবেদন করতে হবে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য সরকারের তরফে যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য অফিসিয়াল পোর্টাল চালু করা হয়েছে। (Yuvashakti Scheme)
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘যুবসাথী’ প্রকল্প চালু করেছিলেন। সেই প্রকল্পের আওতায় বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হত। পরে বিজেপি সরকার গঠনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা ক্ষমতায় এলে সেই ভাতার পরিমাণ বাড়িয়ে ৩০০০ টাকা করা হবে। এবার সেই প্রতিশ্রুতিই কার্যকর করতে তৎপর সরকার। ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, যারা আগে ‘যুবসাথী’ প্রকল্পের টাকা পেতেন, তারাই এবার ‘যুবশক্তি’ প্রকল্পের সুবিধাও পাবেন।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যারা আগে থেকেই যুবসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত ছিলেন, তাদের নতুন করে আবেদন করতে হবে না। আগামী জুন মাস থেকেই থেকেই ডিবিটির মাধ্যমে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে পাঠানো হবে। তবে যাঁরা এখনও পর্যন্ত যুবসাথী প্রকল্পে আবেদন করেননি, তাঁদের জন্য নতুন অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। সেই পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনে আবেদন করা যাবে। প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট হল — https://www.juboshokti.in/। এছাড়াও শ্রম বা কর্মসংস্থান দপ্তরের অফিসিয়াল পোর্টালের মাধ্যমেও আবেদন করার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে। (Yuvashakti Scheme)
কারা পাবেন এই প্রকল্পের টাকা?
রাজ্য সরকারের প্রকাশ করা নির্দেশিকা অনুযায়ী যুবশক্তি প্রকল্পের সুবিধা পেতে গেলে কয়েকটি শর্ত মানতে হবে। সেগুলি হলো,
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।
- আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
- সম্পূর্ণ বেকার অর্থাৎ কোনও চাকরি বা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা চলবে না।
- আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক থাকা বাধ্যতামূলক
যুবভারতীর সামনে থেকে সরানো হল মমতার ভাবনায় তৈরি বিতর্কিত মূর্তি
কীভাবে আবেদন করবেন?
যদিও সরকার ইতিমধ্যেই অফিসিয়াল পোর্টাল চালু করেছে, তবে এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। পোর্টাল খুললেই দেখা যাচ্ছে, আগামী ৮ দিন পর থেকে অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন শুরু হলে অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদনকারীকে নিজের ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতার তথ্য, আধার কার্ডের তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস-সহ প্রয়োজনীয় সমস্ত তথ্য পূরণ করতে হবে। এরপর দরকারি নথিপত্র আপলোড করলেই আবেদন সম্পূর্ণ হবে।
আবেদনের সময় যে নথিগুলি লাগবে সেগুলি হল—
- আধার কার্ড
- ভোটার আইডি কার্ড
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (বয়সের প্রমাণ হিসেবে)
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি
- ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার স্ক্যান কপি (Yuvashakti Scheme)
সব মিলিয়ে, যুবশক্তি প্রকল্প নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে এবার। এখন আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের হাজার হাজার বেকার যুবক-যুবতীরা।

